রাজধানীর থানায় থানায় তিন জন করে ইন্সপেক্টর নিয়োগ দেবার পর এখন তাদের কাজ নিয়ে চরম দ্বন্দ্ব শুরু হয়েছে। এ কারণে ডিএমপির থানা গুলোতে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। দ্বন্দ্ব বাড়তে থাকলে পরিস্থিতি অবনতির আশংকা করছেন পর্যবেক্ষকরা।
আগে থানায় একজন করে ইন্সপেক্টর থাকাকালে সব দায়িত্ব তিনি একাই পালন করতেন। পরে তদন্ত শাখা খুলে সেখানে একজন করে ইন্সপেক্টর পদায়ন করা হয়। অতি সম্প্রতি অপারেশন শাখা খুলে সেখানে আরও একজন করে ইন্সপেক্টর পদায়ন করে ডিএমপি হেডকোয়ার্টার।
গত ১১ নভেম্বর ডিএমপি হেড কোয়াটারের ১৪৮ নম্বর অফিস আদেশে তিন ইন্সপেক্টরের দায়িত্ব নির্ধারন ও বন্টন করা হয়। থানা প্রতিষ্ঠার পর থেকেই যে কোন মামলা কোন কর্মকর্তা তদন্ত করবেন তা নির্ধারন করতেন এককভাবে ওসি নিজেই।
নতুন আদেশে ওই দায়িত্ব দেয়া হয়েছে তদন্ত শাখার ইন্সপেক্টরকে। বিধি মালার ৩ নম্বরে বলা হয়েছে গুরুত্বপূর্ণ মামলা সমূহ তদন্ত শাখার ইন্সপেক্টর নিজেই তদন্ত করবেন, এবং অন্যান্য মামলা তদন্তের জন্য তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করবেন।
কিন্ত ওই আদেশ মানতে চাচ্ছেন না কোন থানার ওসি। তাদের দাবী ওই বিধিমালারই অন্য অংশে ওসি অর্থাৎ প্রশাসন শাখার ইনসপেক্টরের দায়িত্ব বন্টন সংক্রান্ত একুশ নম্বরে বলা হয়েছে ওসি থানায় মামলা রুজুর পর ব্যবস্থা গ্রহনের জন্যে তা তদন্ত শাখায় পাঠাবেন।
ওসিদের দাবী তদন্তকারী কর্মকর্তা নিয়োগের দায়িত্বও তারই। একই ধরনের বিধি মামলা আগেও ছিলো তখনও তদন্তকারী কর্মকর্তা নির্বাচন করতেন ওসি নিজেই। বিভিন্ন থানায় এ নিয়ে বিশৃঙ্খলা চলছে কোন মামলা দায়েরের পর দুই ইন্সপেক্টরের কে আগে ওই মামলার তদন্তকারী নির্ধারন করে দেবেন তার প্রতিযোগিতা চলছে।
এমনও হচ্ছে তদন্ত শাখার ইন্সপেক্টর একজনকে তদন্তের দায়িত্ব দেয়ার পর ওসি তার নাম কেটে অন্যজনকে তদন্তের দায়িত্ব দিচ্ছেন। অপরাধ বিভাগের সভাতে ওই বিষয় উত্থাপন হলেও কোন সমাধানে আসতে পারছেন না কেউই।
এ ব্যপারে তেজগাঁও অপরাধ বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব সরকার বলছেন, বিধি মালার ব্যাখ্যা নিশ্চয়ই আছে। ডিএমপি কমিশনার দেশে ফিরলে এ ব্যপারে নিশ্চিত হওয়া যাবে।
এর আগে পুলিশ হেড কোয়ার্টার থেকেও এমন আদেশ ছিলো পরে মৌখিক নির্দেশে বলা হয়েছিলো তদন্তকারী কর্মকর্তা কে হবে তা ঠিক করবেন ওসি।
ওয়ারী অপরাধ বিভাগের ডিসি সৈয়দ নূরুল ইসলাম অবশ্য বলেন তার বিভাগে এমন কোন প্রশ্ন উথাতাপন হয়নি। এমন অভিযোগ উঠলে তা পর্যালোচনা করে দেখা যাবে।






