আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে বিশেষ ভূমিকায় নেমেছে র্যাব ও পুলিশ। সোমবার একই রাতে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সন্দেহভাজন ১১ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। আর র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক তালিকাভুক্ত সন্ত্রাসী নিহত হয়েছে।
মঙ্গলবার সকালে ডিএমপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইলফোনের বার্তায় বলা হয়, গতকাল (সোমবার) রাতে রাজধানীর আবদুল্লাহপুর এলাকা থেকে ডিবি (উত্তর) জেএমবি’র সন্দেহভাজন ১১ জনকে গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের কাছ থেকে জিহাদি বই, বিস্ফোরক দ্রব্য ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানায় ডিমপি। গ্রেফতারকৃতদের নাম-পরিচয় জানায়নি ডিএমপি। তবে আজই ব্রিফিং করে সাংবাদিকদের বিস্তারিত জানানোর কথা।
অন্যদিকে, রাজধানীর মহাখালীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ‘ব্যাংকক সুমন’। সোমবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।
এই ঘটনায় দুইজন র্যাব সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, গুলি, গুলির খোসা ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।






