বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভের সময় ছাত্রদলের ৮ নেতাকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আকরামুল হাসান।
মঙ্গলবার সকালে রাজধানীর দৈনিক বাংলা ও পল্টন এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করে ছাত্রদল। এসময় তাদের ৮ নেতাকে আটক করা হয়।
স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত শহীদ জেহাদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল ৮ থেকে জেহাদ স্কয়ারে জড়ো হতে থাকে বিএনপি এবং ছাত্রদলের প্রায় ৪ শতাধিক নেতাকর্মী। সকাল সাড়ে ৯টায় তাদের সঙ্গে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং উপদেষ্টা আমান উল্লাহ আমান।
ফুল দেয়া শেষে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করে ছাত্রদল। এসময় পুলিশ ছাত্রদল নেতাদের উপর হামলা চালায় এবং ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক, সহ-সাংগঠনিক সম্পাদক অাশরাফ ফারুকী হিরা, স্কুল বিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি সাজিত হাসান বাবু, ফজলুক হক হলের আহ্বায়ক রাকিব, তেজগাঁও কলেজের প্রচার সস্পাদক ইয়াসিন মিয়া ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেতা মুনির ও তিতুমীর কলেজের যুগ্ম সম্পাদক সাইফুলকে আটক করে।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদলের সভাপতি রাজিব আহসান বলেন: কাল্পনিক মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এদেশের জনগণ ও ছাত্রসমাজ মনে করে এটা হাস্যকর, তারা এই পরোয়ানা মানে না।
তিনি বলেন: গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে জুলুমবাজ সরকারের হামলা মামলা নির্যাতনের কবল থেকে আমরা দেশ ও জাতিকে রক্ষা করব।








