পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে তিন প্রার্থীর প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।
নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মো. সাইদুজ্জামান মামুন, ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রওশন মৃধা ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফেরদৌসী পারভীনের করা রিটের শুনানি শেষে সোমবার বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি মুহম্মদ মাহাবুব-উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এই আদেশের ফলে এই তিনজন নির্বাচন করতে পারবেন বলে জানান আইনজীবী।
রাঙ্গাবালী উপজেলার ছোট বাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া ঘাটে এবং চালতাবুনিয়া ইউনিয়নের চালতাবুনিয়া বাজারে ত্রাণ বিতরণের সময় প্রকাশ্যে ভোট দেওয়ার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান আহ্বান জানিয়েছেন বলে অভিযোগ ওঠে।
রোববার ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের বলেন, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. সাইদুজ্জামান মামুন, ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রওশন মৃধা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফেরদৌসী পারভীনের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। আর প্রতিমন্ত্রী লিখিতভাবে কমিশনের কাছে দুঃখ প্রকাশ করায় সেটি আমলে নিয়ে কমিশন তাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে। তবে তিনি যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন তিন প্রার্থী তার সঙ্গেই ছিলেন। আর ওই তিন প্রার্থীর জন্যই তিনি ভোট চেয়েছিলেন। আগামী ৫ জুন এই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।








