গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের ঘোষেরচর কলাবাগান এলাকা থেকে চাঞ্চল্যকর রনি হত্যা মামলার অন্যতম দুই আসামি পিতা ও পুত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার বিকেলে যশোর জেলার বেনাপোল এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী পুলিশের এসআই মো. সাইফুল ইসলাম।
পুলিশের হাতে আটক ইসলাম খাঁ (৫৫) ও ইশতিয়াক খাঁ (২৫) সম্পর্কে পিতা-পুত্র। তাদের বাড়ী সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর গ্রামের উত্তর পাড়ায়। তারা পেশায় একজন অটো চালক ও আরেকজন ভাঙ্গাড়ী মালামাল বিক্রী করেন।
গোপালগঞ্জ সদর থানার এসআই মো. সাইফুল ইসলাম জানান, গত ৫ মার্চ আনুমানিক দুপুর ১টায় খালাতো ভাই সাদেক ও আলামিন নিহত গোলাম মাওলা রনিকে ফোন করে ফকিরকান্দি এলাকার লেকপাড়ে ডেকে নেয়। এরপর, সাদেক ও আলামিন সহ কয়েকজন মিলে প্রকাশ্যে রনিকে পিটিয়ে ও কুপিয়ে হাত-পায়ের রগ কেটে নির্মমভাবে হত্যা করে।
নিহত গোলাম মাওলা রনি গোপালগঞ্জ সদর থানার ফকিরকান্দি গ্রামের মান্নান কাজীর ছেলে।
হত্যাকাণ্ডের দু‘দিন পর গত ৭ মার্চ নিহতর বড় ভাই মাসুদুল ইসলাম বাদী হয়ে সাদেক, আলামিন, ইসলাম, ইসতিয়াকসহ ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০/১৫ জনের নামে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা নং ২০।







