ইতালির লেক কোমোতে বুধবার কন্নড় রীতিতে অনুষ্ঠিত হলো রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের বিয়ে। আজ হলো সিন্ধী রীতির বিয়ে। বিয়েতে ছবি যেন ফাঁস না হয়, সেজন্য ছিল কড়া নিরাপত্তা। অবশেষে এই জুটি প্রকাশ করলেন তাদের বিয়ের ছবি।
সামাজিক মাধ্যমের অফিশিয়াল ফ্যানপেজ থেকে বৃহস্পতিবার রাতে বিয়ের ছবি প্রকাশ করেন দীপিকা ও রণবীর। এর আগে বিভিন্ন নিউজ সাইটগুলোতে ঘোষণা দেয়া হয় যে সন্ধ্যায় বিয়ের ছবি প্রকাশ করা হবে। প্রকাশ পাওয়ার পর থেকে ভাইরাল হয়ে গেছে জনপ্রিয় এই জুটির বিয়ের ছবি। ভক্তদের লাইক এবং রিঅ্যাক্টে ভেসে যাচ্ছে দীর্ঘ প্রতীক্ষার পর দেখতে পাওয়া বিয়ের ছবি। কমেন্টে শুভকামনা জানাচ্ছেন অনেকেই।

১৩ নভেম্বর একে অপরকে আংটি পরিয়েছেন দীপিকা ও রণবীর। একইদিনে মেহেদি ও সংগীত অনুষ্ঠান হয়েছে তাদের। সাথে ছিল ডিনারের আয়োজন। ১৪ নভেম্বর দক্ষিণ ভারতীয় রীতিতে বিয়ে করেছেন এই জুটি। আর ১৫ নভেম্বর সিন্ধী রীতি অনুসারে বিয়ে হয় তাদের।







