তারকা ও সাংবাদিকদের নিয়ে জনপ্রিয় অনুষ্ঠান ‘রঙিন পাতা’। আর এবারের অনুষ্ঠানে অতিথি হয়ে আসছেন সাংবাদিক রাহাত সাইফুল ও অভিনেত্রী বিপাশা কবির।
দেশের খবরের কাগজগুলোতে একটি পাতা বরাদ্দ থাকে বিনোদন জগতের খবরা খবরের জন্য। এই পাতাটিকে বিনোদন পাতাও বলা হয়ে থাকে। দেশ-বিদেশের বিনোদন দুনিয়ার সব খবর প্রকাশিত হয় এসব পাতায়। তাই এই পাতাটিকে ঘিরে বিনোদন জগতের বাইরেও সাধারণ পাঠকের রয়েছে ব্যাপক আগ্রহ। পত্রিকার সেই বিনোদন পাতাকে নিয়েই অনুষ্ঠান ‘রঙিন পাতা’।
অনুষ্ঠানটির উপস্থাপনায় আছেন শ্রাবণ্য। এনটিভির বিনোদনমূলক ধারাবাহিক অনুষ্ঠান ‘রঙিন পাতা’র ৬২তম পর্ব আগামী রবিবার রাত ৯টায়।
‘রঙিন পাতা’ সম্পর্কে সাংবাদিক রাহাত সাইফুল বলেন, বিপাশার সঙ্গে কাজের অভিজ্ঞতা আমার সবসময় ভালো। আশা করছি, দর্শক আমাদের আড্ডা পছন্দ করবেন। এই অনুষ্ঠানের সাফল্য কামনা করছি।
রঙিন পাতা সম্পর্কে বিপাশা কবির বলেন, প্রতিবারের ন্যায় এবার অনুষ্ঠানটি ভিন্নভাবে নির্মিত করা হয়েছে। আমি এর বেশকিছু পর্ব দেখেছি। আমার ভালো লেগেছে। এবার অতিথি হয়ে দারুণ অনুভূতি হচ্ছে।
কাজী মোহাম্মদ মোস্তফার পরিকল্পনা ও প্রযোজনায় ‘রঙিন পাতা’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন তৌহিদা শ্রাবণ্য। অনুষ্ঠানটির গ্রন্থনা ও গবেষণা করেছেন নাইস নূর।








