ছোট দুটি শব্দ ‘মি টু।’ এই শব্দ দুটিই এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। যৌন নিপীড়নের প্রতিবাদে সামাজিক মাধ্যমে জোরালো আওয়াজ তুলতে হ্যাশট্যাগ ‘মি টু’ লেখার আহ্বান জানিয়েছেন আমেরিকান অভিনেত্রী অ্যালিসা মিলানো। এরপর গত রবিবার রাত থেকে ফেসবুক-টুইটার জুড়ে যৌন নিপীড়নের শিকার নারীরা হ্যাশট্যাগ ‘মি টু’ লিখে সামাজিক মাধ্যমে শেয়ার করছেন। এই প্রচারণা বর্তমানে ভাইরাল হয়ে গেছে বিশ্বব্যাপী।
অভিনেত্রী আলিসা মিলানো টুইট করেন, ‘যারা যৌন নিপীড়ন বা হয়রানির শিকার হয়েছেন, তারা যেন মি টু লিখে তার টুইটের রিপ্লাই দেন।’ এরপর থেকে ফেসবুক ও টুইটারে দ্রুত ছড়িয়ে যেতে থাকে এই প্রচারণা। মিলানোর টুইটে শুধু নারীরা নয়, সাড়া দিচ্ছেন পুরুষ এবং তৃতীয় লিঙ্গের মানুষরাও। একাধিক তারকাকে ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত হলিউড প্রযোজক হার্ভে ওয়েইনস্টেনের ঘটনা প্রকাশ হওয়ার পরিপ্রেক্ষিতে সামাজিক মাধ্যমে ‘মি টু’ হ্যাশট্যাগে ব্যাপক সাড়া পড়ে যায়।
যৌন নিপীড়নের শিকার ব্যক্তিরা শুধু ‘মি টু’ লিখেই ক্ষান্ত হননি, তাদের অনেকেই ব্যক্তিগত অভিজ্ঞতা, কোন বয়সে নিপীড়নের স্বীকার হয়েছিলেন এবং কাদের মাধ্যমে হয়েছিলেন সেই সব বর্ণনাও লিখেছেন তাঁদের স্ট্যাটাসে। আমেরিকা থেকে এই প্রচারণা বর্তমানে ছড়িয়ে পড়েছে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যমেও। ‘মি টু’ লিখে যৌন নিগ্রহের বিরুদ্ধে সরব হয়েছেন নারীরা। সিএনএন।








