অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স এন্ড ট্রেড শুক্রবার তার নাগরিকদের জন্য বাংলাদেশ ভ্রমণের ব্যাপারে যে ‘সিকিউরিটি অ্যালার্ট’ জারি করে তার সূত্র ধরেই পরদিন টেস্ট দলের বাংলাদেশ সফর শুরুর সময় পিছিয়ে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া।
ভ্রমণ সতর্ক বার্তায় বলা হয়, বাংলাদেশের অনিশ্চিত রাজনৈতিক পরিস্থিতি এবং নিরাপত্তা পরিস্থিতির ব্যাপারে সতর্ক করা হচ্ছে। বাংলাদেশ সফরে নিজেদের নিরাপত্তা নিয়ে সতর্ক থাকার পাশাপাশি পরিস্থিতি সম্পর্কে ধারণা রাখতে মিডিয়ার খবরেও নজর রাখতে পরামর্শ দেওয়া হয়।
বাংলাদেশে অস্ট্রেলিয়ান স্থাপনা বা অস্ট্রেলীয়রা জঙ্গি হামলা শিকার হতে পারে উল্লেখ করে আরও বলা হয়, আমাদের কাছে নির্ভরযোগ্য তথ্য আছে যে বাংলাদেশে অস্ট্রেলীয়রা জঙ্গি গোষ্ঠির লক্ষ্যে পরিণত হবে। তাই তাদেরকে জনাকীর্ণ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
২০১৫ সালের অনিশ্চিত রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি যুদ্ধাপরাধীর বিচারে কথাটিও এসেছে সতর্ক বার্তায়। এতে বলা হয়, ২০১৫ সালে প্রথম দিক থেকে দেশটির রাজনৈতিক পরিস্থিতি অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছিলো। যার কারণে হরতাল থেকে শুরু করে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে। আর যুদ্ধাপরাধের বিচার অস্থিতিশীলতা আরও বাড়িয়েছে।
সিকিউরিটি অ্যালার্টে ঢাকা ভ্রমণের ব্যাপারে সতর্ক করে বলা হয়, যদি তা এড়ানো সম্ভব নাই হয় তাহলে সতর্কতার সঙ্গে ভ্রমণ পরিকল্পনা নিতে হবে। ঢাকার বাইরে অবাধ যাতায়াতের বিষয়েও অস্ট্রেলীয়দের সতর্ক করা হয়।
আগের জঙ্গি আক্রমণের কথা তুলে ধরে সতর্কবাণীতে বলা হয়েছে, দেশটি এর আগে জঙ্গি হামলার শিকার হয়েছে। দেশটির কারাগারেও জঙ্গিরা আটক রয়েছে। তাই জঙ্গি আক্রমণ অস্বাভাবিক কিছু না।





