অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগেই আসর জমিয়ে তুলেছেন নোভাক জোকোভিচ। ভ্যাকসিন জটিলতায় মেলবোর্নে সার্বিয়ান তারকার থাকা না থাকার আলোচনা এখন হটকেক। থাকা হচ্ছে না সাফ জানিয়ে দিয়েছে অজি টেনিস কর্তৃপক্ষ। কিন্তু তথ্যের মারপ্যাঁচে ঘটনার মোড় ঘুরিয়ে দিচ্ছেন জোকোর আইনজীবী। জানিয়েছেন, কোভিড আক্রান্ত থাকায় ভ্যাকসিন নিতে পারেননি জোকোভিচ।
শনিবার প্রকাশিত আদালতের নথি থেকে প্রথমবার জোকোভিচের ভ্যাকসিন না নেয়ার কারণ সম্পর্কে জানা গেল। সেখানে জোকোর আইনজীবী উল্লেখ করেছেন, ১৬ ডিসেম্বর করোনায় আক্রান্ত হওয়ায় সময়মতো ভ্যাকসিন নিতে পারেননি সার্বিয়ান তারকা।
নথিতে উল্লেখ করা হয়েছে, জোকোভিচের এই আক্রান্তের ব্যাপারে অবগত টেনিস অস্ট্রেলিয়া। তাদের পক্ষ থেকে অস্থায়ী ভিসা অনুমোদন করা হয়েছে এবং ভ্যাকসিন থেকে রেহাইয়ের একটি মেডিকেল সার্টিফিকেট দেয়া হয়েছে।
সেই নথিতে আরও উল্লেখ আছে, কোভিড আক্রান্তের ১৪দিন পরে গত ৭২ ঘণ্টায় জোকোভিচের কোনো জ্বর বা শ্বাসতন্ত্রের কোনো সমস্যা দেখা যায়নি।
১৭ জানুয়ারি কোর্টে গড়াবে অস্ট্রেলিয়ান ওপেন। ভ্যাকসিন জটিলতায় আসরে অংশ নেয়া ঝুলে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের। জোকো টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ভ্যাকসিন তথ্য দেননি। সেটা নিয়েই পরিস্থিতি এতদূর গড়িয়েছে।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার আদালতে আপিল করেছিলেন জোকোভিচ। দেশ ত্যাগ করতে বিলম্ব করায় মেলবোর্ন বিমানবন্দরে আট ঘণ্টা আটকে রাখা হয়েছিল তাকে। পরে নেয়া হয় একটি আশ্রয়কেন্দ্রে। তাতে ভিসা বাতিলের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামার সিদ্ধান্ত নেন।
শেষে সোমবার পর্যন্ত দেশটিতে থাকার অনুমতি দেয় অস্ট্রেলিয়া সরকার। যা পার হতেই ভিসা বাতিল করবে কর্তৃপক্ষ। অজি স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট অবশ্য বলেছেন ভিন্ন কথা, বৃহস্পতিবারই জোকোভিচের ভিসা বাতিল করা হয়েছে বলে জানান তিনি।
ডিফেন্ডিং চ্যাম্পিয়নের ভিসা বাতিল করে অভিবাসন কেন্দ্রে আবদ্ধ রাখা, যা ঘিরে জল ঘোলা হচ্ছে সময়ের সাথে পাল্লা দিয়ে। সার্বিয়ার পররাষ্ট্র সচিব নেমাঞ্জা স্টারোভিচ অন্যতম সেরা টেনিস তারকার জন্য অস্ট্রেলিয়ার কাছে ভালো একটি হোটেল প্রত্যাশা করেছেন। অজি প্রধানমন্ত্রী স্কট মরিসন বরাবর চিঠিও দেয়া হয়েছে।
সার্বিয়ানদের দাবি, ভ্যাকসিন জটিলতা কিছু নয়, জোকোভিচকে না খেলতে দিতেই এই অপরাজনীতির পথ বেছে নিয়েছে অস্ট্রেলিয়ান ওপেন কর্তৃপক্ষ।
জোকো ইস্যুতে দুভাগে ভাগ অস্ট্রেলিয়া ও টেনিস বিশ্ব। একটা অংশ মনে করছে ভ্যাকসিন রাজনীতির শিকার জোকোভিচ, অন্য পক্ষের মত নিয়ম সবার জন্যই এক থাকা উচিত।







