ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঈদের আগেই যানজট বেড়েছে। এ সড়ক দিয়ে গন্তব্যে পৌঁছাতে নির্ধারিত সময়ের চেয়ে ৫ থেকে ৬ ঘণ্টা বেশি লাগছে।
যানবাহন চালকরা বলছেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ৯০ কিলোমিটার এলাকাজুড়ে শুরু হওয়া ৪ লেন প্রকল্পের কাজের কারণে যানজট বেড়েছে।
চারদেশীয় আঞ্চলিক যোগাযোগ প্রকল্পের আওতায় চলছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ। ব্রীজ-কালভার্ট নির্মানের পাশাপাশি রাস্তা প্রশস্ত করার জন্য শুরু হয়েছে মাটি ভরাট। নির্মাণ সামগ্রী আনা-নেওয়া ও গাড়ি থেকে মাটি ফেলার সময় প্রতিবার ৪ থেকে ৫ মিনিট করে মহাসড়কে যানচলাচল বন্ধ করা হয়। এই ৪ থেকে ৫ মিনিটেই যানজট ছাড়িয়ে যায় কয়েক কিলোমিটার।
মূল সড়ক অক্ষুন্ন রেখে এ উন্নয়ণ কাজ করা হলেও রাস্তার দুই-পাশে নির্মাণ সামগ্রী ও মাটি রাখায় অনেক সময়ই নির্বিঘ্নে যান চলাচল করতে পারছে না। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে জয়দেবপুর পর্যন্ত ৯০ কিলোমিটার মহাসড়কের এমন অবস্থা।
ঈদের আগেই উত্তর ও দক্ষিণের জেলাগুলোর যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হচ্ছে যানজটে। তবে এ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রকল্প এলাকায় বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।
প্রকল্প ম্যানেজার শের শাহ ফরিদ বলেছেন, যাত্রীদের দুভোর্গ কিছুটা কমাতে ঈদের দশদিন আগে নির্মাণ কাজ সব বন্ধ হয়ে যাবে। এছাড়া আমাদের কর্মীরা কোথাও যানজট লাগলে তা দ্রুত ছাড়িয়ে দিতে সাহায্য করবে। তবে এমন উদ্যোগ ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্নে করতে পারবে কি না তা নিয়ে শঙ্কিত যাত্রী এবং বাস চালকরা।







