প্রত্যাশা মতো বিশ্বকাপ শুরু হল না ব্রাজিলের। সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করে রাশিয়া অভিযানে যাত্রা করেছে সেলেসাওরা। ফিলিপে কৌতিনহোর দুর্দান্ত এক গোলে শুরুতে এগিয়ে গিয়েছিল ব্রাজিলই। দৃষ্টিনন্দন ওই গোলটি তাদের দারুণ এক রেকর্ডকে নিয়ে গেছে আরও উচ্চতায়।
রোববার রাতে রোস্তভ অ্যারেনায় শুরু থেকেই আক্রমণ শানায় ব্রাজিল। তবে সুইসদের গোলমুখ খুলতে সময় লাগে ২০ মিনিট। এসময় বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক কিকে জাল খুঁজে নেন ফিলিপে কৌতিনহো। চলতি বিশ্বকাপে এখনপর্যন্ত সেরা তিন গোলের মধ্যেই থাকবে কৌতিনহোর সাফল্যটি।
প্রায় ২৫ গজ দূর থেকে নেয়া কৌতিনহোর বাঁকানো শটে বাঁদিক থেকে বল বাতাসে ভেসে অনেকটা বাঁক খেয়ে ডান পোস্টের কোনা দিয়ে জালে ঢুকে পড়ে। সুইস গোলরক্ষকের যাতে করার কিছুই ছিল না!
এই গোলটি ১৯৬৬ সাল হতে রাশিয়া অবধি বিশ্বকাপে বক্সের বাইরে থেকে ব্রাজিলের করা ৩৭তম গোল। অন্য কোনো দল এক্ষেত্রে তাদের ধারেকাছেও নেই। বক্সের বাইরে থেকে জাল খুঁজে নেয়ায় দুইয়ে থাকা দলটি হতে ১১ গোল এগিয়ে সেলেসাওরা।
রাশিয়ায় দূরপাল্লার শটে যেভাবে সাফল্য তুলে নিচ্ছেন খেলোয়াড়রা, তাতে ব্রাজিলের নামের পাশে সংখ্যাটা আরও বাড়ার সম্ভাবনাই বেশি।







