যেখানেই বিপদ সেখানেই হাজির ‘ছোট কাকু’। এমনটিই জানে সবাই। তিনি হাজির হলেন ঠিক সময়ে ঠিক জায়গায়। ঈদের খাবার আর পোশাক দুঃস্থদের মাঝে পৌঁছে দিতেই তার আগমন। তবে ‘ছোট কাকু’ সিরিজের ‘ছোট কাকু’ অর্থাৎ জনপ্রিয় অভিনেতা আফজাল হোসেন নয়, ছোট কাকু বেশে হাজির হলেন আরেক জন। চোখে গুগল চশমা, আর ঝাঁকড়া চুলে নিজেকে ‘ছোট কাকু’ সাজিয়ে হাজির হলেন তিনি।
ছোটকাকু ক্লাবের পক্ষ থেকে আজ ‘চ্যানেল আই’ প্রাঙ্গণে আয়োজন করা হয় দুঃস্থদের মাঝে ঈদের পোশাক ও খাবার বিতরণ কার্যক্রম। সেখানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক এবং ‘ছোট কাকু’ সিরিজের স্রষ্টা ফরিদুর রেজা সাগর। তিনি বলেন, ‘ছোট কাকু’র বৈশিষ্ট্য বিপদে ঝাঁপিয়ে পড়া। তাই আমাদের সবার মাঝেই কোনো না কোনো ভাবে ছোট কাকু বাস করেন।’
অনুষ্ঠানে উপস্থিত বরেণ্য অভিনেতা নায়করাজ রাজ্জাক ‘ছোট কাকু’র সাফল্য কামনা করেন। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, অভিনয়শিল্পী শহীদুল আলম সাচ্চু, আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান, শিশুসাহিত্যিক আমীরুল ইসলামসহ আরও অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফারজানা ব্রাউনিয়া।
জনপ্রিয় শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের ‘ছোট কাকু’ নিয়ে প্রতি ঈদেই চ্যানেল আইয়ের পর্দায় ধারাবাহিকভাবে প্রচারিত হয় ‘ছোট কাকু’ সিরিজ। আর তারই ধারাবাহিকতায় এবারের সিরিজটি হচ্ছে ‘খেলা হলো খুলনায়’। এর চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন আফজাল হোসন। এতে ‘ছোট কাকু’ চরিত্রেও অভিনয় করেছেন তিনি।







