স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যে কোন সময় নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন মামলার প্রধান আসামী নূর হোসেন এবং সিলেটে রাজন হত্যা মামলার আসামী কামরুলকেও যে কোন সময় দেশে ফেরত আনা হবে। এ ব্যাপারে আইনী প্রক্রিয়া প্রায় শেষ।
রোববার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স ভবন মাঠে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উদ্যোগে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, কোন ষড়যন্ত্রই আওয়ামী লীগকে এ দেশ থেকে নিশ্চিহ্ন করতে পারবে না। আওয়ামী লীগ এমনই একটি দল, যে দলের নেতাকর্মীরা জীবন বাজি রেখে মৃত্যুমুখে পড়লেও আওয়ামী লীগের কথাই বলবে। আওয়ামীলীগে টেন্ডারবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীর ঠাঁই নেই।
তিনি বলেন, বাংলাদেশ এখন আর আগের বাংলাদেশ নেই, অনেক সফলতা ও সমৃদ্ধি অর্জন হয়েছে। বাংলাদেশ ইতিমধ্যে উন্নয়নের মডেল হিসেবে বিশ্বের কাছে স্বীকৃতি পেয়েছে। জনপ্রিয়তার মাপকাঠিতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীর্ষে রয়েছেন।
সরকার বাংলাদেশকে আলোকিত বাংলাদেশ হিসেবে গড়তে চায় বলে জানান স্বরাষ্ট্র মন্ত্রী। ডিজিটাল বাংলাদেশের সুফল ইতিমধ্যে দেশবাসী পেতে শুরু করেছে।






