জুনের শেষ সপ্তাহে ভারতে বসার কথা ছিল বাংলাদেশ, শ্রীলঙ্কা ও স্বাগতিক দেশের অনূর্ধ্ব-১৯ দলের অংশগ্রহণে ত্রিদেশীয় সিরিজ। কিন্তু ভারত এখনও সূচি পাঠায়নি। বিসিবি সূত্রে জানা গেছে সিরিজ আয়োজন নিয়ে সফরকারী দুটি দেশের সঙ্গে যোগাযোগ করছে না ভারতীয় বোর্ড। ফলে ধরেই নেওয়া হচ্ছে সিরিজটি আর হচ্ছে না।
ত্রিদেশীয় সিরিজ সামনে রেখে মিরপুর একাডেমি মাঠে জুনের শুরুতে অনুশীলন ক্যাম্প শুরু করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজ হওয়ার কথা ছিল ঈদের মধ্যে। ক্রিকেটারদেরও ছিল তেমন মানসিক প্রস্তুতি। সিরিজটি আলোর মুখ না দেখায় ক্রিকেটারদের ঈদের ছুটি দিয়েছে বোর্ড। আজই যুবারা একাডেমি ভবন ছাড়তে শুরু করেছেন।
২০১৯ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডে বসবে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ত্রয়োদশ আসর। তার আগে এশিয়ার তিনটি দেশের প্রস্তুতির জন্য ত্রিদেশীয় সিরিজ আয়োজন করার কথা ছিল ভারতের। সময়ের খুব কাছে এসে ভারত গড়িমসি করায় বিকল্প চিন্তা করছে বিসিবি। জানা গেছে শ্রীলঙ্কা, আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের কথা ভাবছে বিসিবি। সেটি না হলে ঈদের পর শ্রীলঙ্কার সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ হতে পারে।
ত্রিদেশীয় সিরিজ অনিশ্চিত হয়ে পড়ায় খুব বেশি অসুবিধা দেখছেন না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ আব্দুল করিম জুয়েল। ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য ঈদের পর এইচপি (হাই পারফরম্যান্স) টিমের সঙ্গে ম্যাচ খেলার পরিকল্পনার কথা জানান তিনি।
‘ক্রিকেটাররা খেলার মধ্যেই ছিল। প্রিমিয়ার লিগ শেষ করে ক্যাম্পে যোগ দিয়েছে। এই সময়টায় বিশ্রাম দেওয়া দরকার ছিল। ভারতে ত্রিদেশীয় সিরিজের সূচি ছিল ঈদের মধ্যে। তাই বিশ্রাম দেওয়া যায়নি। তাছাড়া বৃষ্টির মৌসুমে ক্যাম্পে ম্যাচ খেলারও সুযোগ নেই। ৭ জুলাই আবার ক্যাম্প শুরু হবে। তখন আমরা এইচপি (হাই পারফরম্যান্স) ইউনিটের সঙ্গে হয়তো কয়েকটা ৫০ ওভারের ম্যাচ খেলবো।’
আগামী ৭ জুলাই দ্বিতীয় দফায় টাইগার যুবাদের ক্যাম্প শুরু হবে। যুবদলের নবনিযুক্ত কোচ ডেমিয়েন রাইট ঢাকায় আসবেন ২ জুলাই। এই অস্ট্রেলিয়ান বিশ্বকাপ পর্যন্ত যুবদলের সঙ্গে থাকবেন। গত মাসে দুই দিনের জন্য ঢাকায় এসেছিলেন তিনি। চুক্তি সেরেই চলে যান নিজ দেশে।







