১৯৭১ এর ঘটনা নিয়ে ডকুমেন্টারি তৈরি করে পুরস্কার জিতেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী নির্মাতা আরিফ ইউসুফ। ইন্ডিপেন্টেন্ট ফিল্ম ফেস্টিভ্যালের বেস্ট ডকুমেন্টারি ফিচার ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছে তার নির্মিত ছবি ‘ব্লকেড’।
১৯৭১ সালে যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলছিল, তখন যুক্তরাষ্ট্রে একটি ঘটনা ঘটেছিল যা অনেকেরই জানা নেই। সেই ঘটনা অবলম্বনেই তৈরি করা হয়েছে ডকুমেন্টারি ‘ব্লকেড’।
ছবির কাহিনী শুরু হয় ১৯৭১ সালের জুন থেকে। নিউইয়র্ক টাইমসে প্রকাশিত হয় যে, পাকিস্তানের দুটি জাহাজ বন্দরে ভিড়বে যুদ্ধের অস্ত্র সংগ্রহের জন্য। এরপর ১১ জুলাই যুক্তরাষ্ট্রের বাল্টিমোর সমুদ্রবন্দরে ‘পদ্মা’ নামের একটি পাকিস্তানি জাহাজের নোঙর করার পরিকল্পনার কথা জানতে পেরে ফিলাডেলফিয়া, ওয়াশিংটন ডিসি ও বাল্টিমোরে বসবাসরত একদল মার্কিন নাগরিক সিদ্ধান্ত নেন যে তারা জাহাজটিকে বন্দরে ভিড়তে দেবেন না। তাই তারা ছোট ছোট ডিঙি নৌকাতে চড়ে জীবনের ঝুঁকি নিয়ে জাহাজটিকে আটকে দেয়ার চেষ্টা করেন এবং সফল হন। এই সাহসী মানুষগুলোর ঘটনাটি নিয়েই ডকুমেন্টারিটি তৈরি করা হয়েছে।
পাকিস্তানি জাহাজ ‘পদ্মা’ অবরোধের নেতৃত্বে ছিলেন রিচার্ড টেইলার। তার অভিজ্ঞতাগুলো নিয়ে তিনি ‘ব্লকেড’ নামের একটি গ্রন্থ রচনা করেন। সেই গ্রন্থের আলোকে ডকুমেন্টারিটি নির্মাণ করা হয়েছে।
জাহাজ আটকানোর অভিযানে অংশ নিয়েছিলেন রিচদের স্ত্রী ফিলিস-ও। ডকুমেন্টারিতে রিচার্ড ও তার স্ত্রী ফিলিসসহ বিভিন্ন আমেরিকান ও বাংলাদেশির বক্তব্য নেয়া হয়েছে। এছাড়াও বেশ কিছু দুষ্প্রাপ্য ভিডিওচিত্র আছে এই ডকুমেন্টারিতে।










