যুক্তরাষ্ট্র নয় মালয়েশিয়ায় পুনর্বাসিত হতে চায় শরণার্থী গোষ্ঠী রোহিঙ্গা মুসলিমরা। সোমাবার থাইল্যান্ডের একটি আশ্রয়কেন্দ্রে থাকা রোহিঙ্গা মুসলিমরা এ দাবি জানায়।
থাইল্যান্ডের সুরাট থানি প্রদেশের একটি আশ্রয় কেন্দ্রে সোমবার রাতে প্রায় ৯৪ জন রোহিঙ্গা নারী ও শিশু আশ্রয় কেন্দ্রটির বিদ্যুৎব্যবস্থা বিচ্ছিন্ন করে দরজা, জানালা ভেঙ্গে পালানোর চেষ্টা করে। রাতে তাদের সঙ্গে খাবার রাখতে না দেয়ার প্রতিবাদে জানাতে তারা এ পদক্ষেপ নেয়।
ঘটনার পর ৫০ জন পুলিশের একটি দল নিয়ে সেখানে ছুটে যায় সুরাট থানি প্রদেশের গভর্নর উইশাউট জিন্তো এবং পুলিশ প্রধান জেনারেল অপিশার্ত বুনশ্রীরোজ।
এসময় তাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে রোহিঙ্গারা তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবর্তে মালয়েশিয়া পুনর্বাসিত করার দাবি জানায়।
প্রায় দুই ঘণ্টার চেষ্টায় পুলিশ ওই বিক্ষোভ নিয়ন্ত্রণে আনে। পাঁচ রোহিঙ্গা নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
এসব রোহিঙ্গা মুসলিমদের মধ্যে ৩৫ জন মানবপাচারকারীদের ফাঁদে পড়ে সেখানে গিয়েছে। বাকিরা অবৈধ অভিবাসী।
থাইল্যান্ডের আশ্রয়কেন্দ্রগুলো থেকে এর আগেও একাধিক বার শরণার্থীরা পালিয়ে যাবার চেষ্টা করে।






