যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন আওয়ামী লীগের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
সৈয়দ আশরাফের সহকারী একান্ত সচিব এ কে এম সাজ্জাদ হোসেন এ তথ্য চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছে।
এম সাজ্জাদ হোসেন বলেন: শাহজালাল আন্তার্জাতিক বিমানবন্দর থেকে শুক্রবার সকাল ৯টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়েন স্যার। সেখানে অবস্থান করা অসুস্থ স্ত্রীকে সময় দিতেই তিনি ছুটি নিয়েছেন।
তিনি আরো বলেন: বৃহস্পতিবার সন্ধ্যায় স্যার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গিয়ে সাক্ষাত করেছেন। সাক্ষাৎ শেষে রাত ৯টার পর তিনি গণভবন ত্যাগ করেন।
আজ শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় আওয়ামী লীগের নব নির্বাচিত কমিটির সভাপতিমণ্ডলীর বৈঠক হবে। এ বৈঠকে উপস্থিত থাকতে পারছেন না সৈয়দ আশরাফ।
২৪ অক্টোবর মন্ত্রিপরিষদের বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ১৫ দিনের ছুটির আবেদন করেন জনপ্রশাসনমন্ত্রী। সরকারপ্রধান তার ছুটির আবেদন মঞ্জুর করেন।









