‘ভুবন মাঝি’ শেষে এবার থ্রিলার নিয়ে নামছেন ফখরুল আরেফিন। ফেব্রুয়ারির শেষ দিকে শুটিং শুরু করবেন তিনি। যেখানে কাজ করবেন যিশু সেনগুপ্ত, অপর্ণা ঘোষ ও মাজনুন মিজান। এর মধ্যে অপর্ণা এবং মাজনুন মিজান নির্মাতার প্রথম চলচ্চিত্রের কুশীলব ছিলেন।
নতুন চলচ্চিত্রের কাজ শুরু করছে এটি চ্যানেল আই অনলাইনকে জানান ফাখরুল আরেফিন। মনস্তাত্ত্বিক থ্রিলার করছেন। যার চিত্রনাট্য করেছেন ভারতের পদ্মনাভ দাশগুপ্ত। কার গল্প অবলম্বনে কিংবা চলচ্চিত্রের নাম কি তা এখনই জানাতে চাননা ভুবন মাঝির পরিচালক। শুধু এটুকু জানান, এ মাসের শেষ দিকে বা আগামী মাসের শুরুতে আনুষ্ঠানিক ভাবে জানাবেন।
আগের বারের মত এবারের চলচ্চিত্রের প্রযোজনায় তার গড়াই ফিল্মস থাকবে জানিয়ে আরেফিন চ্যানেল আই অনলাইনকে জানান, আরও তিনজন প্রযোজক থাকছেন চলচ্চিত্রে। প্রতিবেশী দেশের প্রযোজক রয়েছেন এই তিন প্রযোজকের মধ্যে।

‘পরমব্রত কি থাকছে দ্বিতীয় নির্মাণে?’ প্রশ্নে নির্মাতা বলেন, না। চরিত্র ওকে ডিমান্ড করেনা। তবে কে বা কারা থাকছেন?’ প্রশ্নের রেশ শেষ হওয়ার আগেই নির্মাতার সঙ্গে থাকা তার প্রথম চলচ্চিত্রের অভিনেতা এবং বন্ধু মাজনুন মিজান বলেন, ‘আমি থাকছি। দুটো চরিত্র পেয়েছি। তার মধ্যে কোনটি করা হবে সেটি নিয়ে আলোচনা চলছে। অপর্ণা থাকছে আর কেন্দ্রীয় চরিত্রে থাকছে ওপারের যিশু।’
‘ভুবন মাঝি’র কাণ্ডারি, বন্ধুর উত্তরে হা বা না কিছুই বলেননা। নীরব থাকেন। আর এটাতো প্রায় স্বতঃসিদ্ধ সত্য-মৌনতা সম্মতির লক্ষণ!








