কুমিল্লার চৌদ্দগ্রামে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৮ জন।
রোববার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলা সদরে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।
নিহতরা হচ্ছেন কুমিল্লার লাকসাম উপজেলার আবুল কালামের ছেলে ওমর ফারুক(২৯), কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কৃষ্ণপুর গ্রামের আবদুর রাজ্জাকের স্ত্রী মঞ্জুআরা বেগম(৬০)। আরেকজন পুরুষের পরিচয় পাওয়া যায়নি।
চৌদ্দগ্রাম থানার ওসি মো.ফরহাদ জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে উল্টে গেলে ৩ জন নিহত হয়। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।






