বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন আয়োজিত কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে চ্যানেল আই। উত্তেজনাপূর্ণ ফাইনালে যমুনা টিভিকে ১-০ গোলে হারিয়ে শিরোপা উল্লাসে মাতে টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত খেলা দলটি।
ম্যাচের জয়সূচক গোলটি করেন মো. শাওন আহমেদ। তিনি পেয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার।
বৃহস্পতিবার সকালে সেমিফাইনালে বৈশাখী টিভির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টাইব্রেকারে ৫-৪ গোলে জিতে ফাইনালের টিকেট কাটে চ্যানেল আই। দলটির গোলরক্ষকের দায়িত্বে ছিলেন তরিকুল ইসলাম মাসুম।
দিনের অন্য সেমিতে বাংলাভিশনকে হারিয়ে ফাইনালে ওঠে যমুনা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে হয় ম্যাচগুলো।
কুল-বিএসজেএ ফুটবলে অংশ নেয় ২৪টি মিডিয়া হাউস। পাঁচ দিনের আসরের পর্দা নামল আজ। চ্যাম্পিয়ন চ্যানেল আই পেয়েছে ট্রফি ও ৩০ হাজার টাকা পুরস্কার। রানার্সআপ দল যমুনা টিভি পেয়েছে ট্রফির সঙ্গে ১৫ হাজার টাকা পুরস্কার।








