স্পোর্টস

ম্যানচেস্টার হামলা বাংলাদেশকেও ভাবাচ্ছে

ম্যানচেস্টার হামলা বাংলাদেশকেও ভাবাচ্ছে

ম্যানচেস্টারে বোমা হামলার ঘটনায় আইসিসির মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) চিন্তিত। বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন।

‘এটা নিয়ে আমরা চিন্তিত। এমন একটা জায়গায় এমন একটা ঘটনা ঘটেছে চিন্তিত হওয়ারই কথা। তবে আইসিসি এবং স্বাগতিকদের উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে।’ বলেন নিজামউদ্দিন চৌধুরী।

এক সপ্তাহ পরই ইংল্যান্ডে বসছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে সোমবার রাতে স্বাগতিক দেশটির ম্যানচেস্টারে একটি কনসার্টে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন ২২ জন আর আহত হয়েছেন ৫৯ জন।

নিজামউদ্দিন চৌধুরী

দেশটির নিরাপত্তা ব্যবস্থা ও সৃষ্ট পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বোমা হামলার পর আইসিসি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছে তারা টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে। চ্যাম্পিয়ন্স ট্রফি ও নারী বিশ্বকাপের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেবে স্বাগতিক দেশ এমনটা জানিয়েছে আইসিসি।

মাশরাফি বিন মুর্তজার বাংলাদেশ দল এখন আছে আয়ারল্যান্ডে। সেখানে বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচ খেলে তারা পাড়ি জমাবে ইংল্যান্ডে। সেখানে স্বাগতিকদের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচ খেলে আসর শুরু করবে টাইগাররা।

বিষয়:আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যানচেস্টার-বোমা হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…