জুভেন্টাসের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগে মৌসুমে প্রথম ম্যাচেই লাল কার্ড দেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। মাঠ ছাড়ার সময় অঝোরে কেঁদেছেন পর্তুগিজ তারকা।
বুধবার রাতে ম্যাচের ২৯ মিনিটের সময় লাল কার্ড দেখে রোনালদো মাঠ ছাড়লেও তার দল ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে।
ভ্যালেন্সিয়া ডিফেন্ডার জেইসন মুরিল্লোর অভিনয়ের শিকার হয়ে লাল কার্ড দেখেন রোনালদো। তার অপরাধ মুরিল্লোর মাথায় হাত দিয়ে উঠে দাঁড়ানোর তাগাদা দিয়েছিলেন। তবে চুল টেনেছিলেন কিনা তা বোঝা যায়নি। সহকারী রেফারির সঙ্গে আলোচনা করে রোনালদোকে লাল কার্ড দেখান মাঠের রেফারি ফেলিক্স ব্রাইখ।
সংবাদমাধ্যম জানিয়েছে, সরাসরি লাল কার্ড দেখায় নিষিদ্ধ হতে পারেন রোনালদো। সেটি কমপক্ষে দুই ম্যাচ। তবে হিংসাত্মক আচরণের জন্য উয়েফা শাস্তির মেয়াদ বাড়ালে সর্বোচ্চ তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেতে পারেন সিআর সেভেন।
তেমন কিছু ঘটলে আগামী ২ অক্টোবর ইয়াং বয়েজ, ২৩ অক্টোবর সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে প্রথম লেগ এবং ৭ নভেম্বর একই ক্লাবের বিপক্ষে ফিরতি লেগে রোনালদোকে পাচ্ছে না জুভেন্টাস। তবে এখনই কোনো কিছু নিশ্চিত নয়।
রোনালদোর ক্যারিয়ারে এটি ১১তম লাল কার্ড যেটি আবার চ্যাম্পিয়ন্স লিগে প্রথম। ১৫৪টি চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে এই অভিজ্ঞতা প্রথম হল তার। এর আগে ইউনাইটেডের হয়ে চারবার এবং রিয়াল মাদ্রিদের হয়ে ছয়বার লাল কার্ড দেখেছেন জুভেন্টাস তারকা। সব মিলিয়ে মোট ৭বার সরাসরি লাল কার্ড দেখেছেন তিনি।
এই মৌসুমেই রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে নাম লিখিয়েছেন রোনালদো। তবে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না তার। জুভ জার্সিতে প্রথম গোল পেতে লিগের চতুর্থ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয় সিআর সেভেনকে। সিরি আ’তে সাসুওলোর বিরুদ্ধে জোড়া গোলে খাতা খোলার পর চ্যাম্পিয়ন্স লিগে আবার আটকে গেলেন তিনি।
চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে টপ গোলস্কোরার রোনালদোই। এপর্যন্ত ১২০ গোল করেছেন তিনি। পাঁচবার জিতেছেন টুর্নামেন্টের শিরোপা। তার মধ্যে রিয়ালের টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ে ছিল তার গুরুত্বপূর্ণ ভূমিকা।








