১১ ম্যাচে ‘ড্র’। নিজেদের মাঠেই আটটি। শনিবার রাতেও ওয়েস্ট ব্রুমউইচ অ্যালবিওনের বিপক্ষে প্রিমিয়ার লিগে গোলশূন্য ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের পর দলটির কোচ মরিনহো দাবি করেন, তার দলের বিপক্ষে সবাই ডিফেন্সিভ ফুটবল খেলতে আসে।
মরিনহোর যুক্তি একেবারে উড়িয়ে দেয়া যায় না। শনিবারের ম্যাচে ব্রুমউইচ বেশ রক্ষণাত্মক ফুটবল খেলেছে। বল দখলের লড়াইয়ে ৭৫ শতাংশ এগিয়ে থেকেও গোল করতে পারেনি মরিনহোর ছেলেরা। প্রতিপক্ষের গোলমুখে ম্যানইউ ১৮টি শট নিয়েছে, সেখানে ব্রুমউইচ শট করেছে মাত্র তিনটি।

‘এই মৌসুমে আমরা প্রচুর ড্র করছি। দলগুলো এখানে ডিফেন্স করতে আসে। গোলরক্ষকরা আসে ম্যান অব দ্য ম্যাচ হতে।’ বলেন মরিনহো।
ম্যাচের পরিস্থিতি উল্লেখ করে আলোচিত এই কোচ বলেন, ‘খেলার মান, নির্দেশন, বলদখল, সৃষ্টিশীলতা-সবকিছুতে আমরা সবাইকে হারাই। কিন্তু ড্র করছি।’
এই ড্র’র পরও পঞ্চমস্থানে আছে ম্যানচেস্টার। তাদের পয়েন্ট ৫৩। ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি।
রাতের অন্য ম্যাচে এভারটনকে ৩-১ গোলে হারিয়েছে লিভারপুল। চেলসি ১-২ গোলে হেরেছে ক্রিস্টাল প্যালেসের কাছে। স্টোক সিটির বিপক্ষে লেস্টার জিতেছে ২-০ গোলে।








