ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে এরিক টেন হ্যাগ। ইএসপিএন জানাচ্ছে, গত মাসে সাক্ষাৎকারে ক্লাব কর্তাদের মনও জয় করে নিয়েছেন এ ডাচম্যান। অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার। এদিকে, ক্লাবের ট্রান্সফার মার্কেটের লক্ষ্য নির্ধারণ করে ফেলেছেন এরিক।
ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের সূত্রের বরাতে খবর, রোনালদোদের কোচ হিসেবে টেন হ্যাগকে ইতিমধ্যে নিশ্চিত করেছে ম্যানচেস্টারের ক্লাবটি। নতুন মৌসুমে ডাচ চ্যাম্পিয়ন আয়াক্স ছেড়ে ওল্ড ট্রাফোর্ডে আসতে প্রস্তুত টেন হ্যাগ।
আসছে দলবদলের বাজারে পছন্দের খেলোয়াড় টানার কাজও শুরু করে দিয়েছেন টেন হ্যাগ। পর্তুগিজ ও উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের অ্যাটাকিং মিডফিল্ডার রুবেন নেভেসকে মনে ধরেছে ডাচ কোচের। নতুন মৌসুমে ম্যানইউ কোচের আসনে বসে রুবেনকেই প্রথমে দলে টানবেন, খবর এমনই।
রোনালদোর সতীর্থ রুবেনের উপর আগে থেকেই চোখ রেখেছেন এরিক। বায়ার্ন মিউনিখের সহকারী কোচ থাকাকালীন কিশোর নেভেসকে অনুসরণ করেছেন, ২০১৭ সালে পোর্তো থেকে নেভেস যখন উলভসে যোগ দিলেন তখনও তার প্রতি ঈগল চোখ করেছিলেন ডাচ কোচ। এবার ম্যানইউর ডাগআউটের বস হলে প্রথম চুক্তিটা নেভেসের সঙ্গেই সারতে চান তিনি।
টেন হ্যাগ ম্যানইউ বস হিসেবে নেভেসকে টানলে বাদ পড়তে পারেন নেমানজা মাতিচ অথবা পল পগবা। চলতি মৌসুমে অন্তর্বর্তী কোচ র্যাঙ্গনিকের অধীনে বাজে সময় পার করছেন দু’জনই।
রোনালদো-স্যাঞ্চোদের নতুন বসের খোঁজে কাজ করেছেন ক্লাবটির ফুটবল ডিরেক্টর জন মুর্তঘ, টেকনিক্যাল ডিরেক্টর ড্যারেন ফ্লেচার ও জয়েন-চেয়ারম্যান জোয়েল গ্লেজার। ক্লাবটির প্রধান নির্বাহী রিচার্ড আর্নল্ডকে রিপোর্টও করেছেন তারা। যার ফল- ওলে গানার সোলশেয়ারের স্থায়ী উত্তরসূরি হিসেবে টেন হ্যাগকেই বেছে নিচ্ছে ম্যানইউ।








