নানা আয়োজনে ইংরেজি নতুন বছরকে বরণ করেছে বাংলাদেশের মানুষ। পারিবারিক আয়োজনের পাশাপাশি ২৪ ঘণ্টা সেবা দেয়া কর্মীরাও নিউ ইয়ার উদযাপন করেছে নিজ নিজ কর্মস্থলে।
তবে এয়ারপোর্টে এবারের মত কেক কাটার আর কোনো সময় হয়েছে বলে মনে হয় না। কারণ এবার বিমানবন্দরে এয়ারপোর্ট নিরাপত্তা সংশ্লিষ্টদের নিউ ইয়ার কেক কাটার আয়োজনে বাড়তি মাত্রা যোগ করেছিলো এক ছিচকে চোর!
যাত্রীর মালামাল চুরির সময় ধরা পড়া এই চোর প্রচলিত গণধোলাই কিংবা চড়-থাপ্পড়ের বদলে পেয়ে যায় নিউ ইয়ার কেক!

আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পরে ম্যাজিস্ট্রেট-পুলিশ-যাত্রীদের সঙ্গে নতুন বছরের কেক কাটার অনাড়ম্বর আয়োজনেও লাজুক মুখে অংশ নেয় চোর মহাশয়।
নতুন বছরের শুরুতে এমন মজার ঘটনার ছবি ফেসবুকে পোস্ট করেছেন প্রশাসন এবং সামাজিক গণমাধ্যমে পরিচিত এয়ারপোর্টের ম্যাজিস্ট্রেট বানসুরি এম ইউসুফ।

ছবিও তিনিই তুলেছেন। ফেসবুকে পোস্ট করা ছবিগুলোর বর্ণনায় তিনি লিখেছেন: আমি ছাড়া সবই আছে। চোর, পুলিশ, ম্যাজিস্ট্রেট, যাত্রী।









