ঢাকা প্রিমিয়ার লিগের চতুর্থ রাউন্ড শুরু বুধবার। একইদিনে মধ্যরাতে সাসেক্সে ক্যাম্প করার উদ্দেশে দেশ ছাড়বেন জাতীয় দলে ডাক পাওয়া ক্রিকেটাররা। তাদের মধ্যে যাদের বুধবারও ম্যাচ রয়েছে, তারা খেলেই উঠে পড়বেন লন্ডনগামী বিমানে। ফ্লাইট বুধবার দিবাগত রাত সোয়া একটায় হওয়ায় প্রিমিয়ার লিগের ম্যাচটি খেলে যেতে পারছেন মাশরাফি-মুশফিক-মাহমুদউল্লাহরা।
বৃষ্টির কারণে দুই দফা পেছায় চতুর্থ রাউন্ড। জাতীয় দলের ক্রিকেটাররা এই রাউন্ড খেলবেন কিনা সেটি নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে ক্লাব সূত্রে জানা গেছে রূপগঞ্জের হয়ে মাঠে নামবেন মাশরাফি-মুশফিক, আবাহনীর হয়ে মাহমুদউল্লাহ-মোসাদ্দেক, তাসকিন-সানজামুল-সাইফউদ্দিন, শেখ জামালের হয়ে সোহান-ইমরুল, গাজী গ্রুপের হয়ে নাসির মাঠে নামবেন।
ফতুল্লায় আবাহনী খেলবে শেখ জামালের বিপক্ষে। বিকেএসপির চার নম্বর মাঠে মাশরাফি-মুশফিকদের রূপগঞ্জের সঙ্গে আশরাফুলের কলাবাগান ক্রীড়া চক্রের লড়াই। তিন নম্বর মাঠে নাসিরের গাজী গ্রুপ ক্রিকেটার্স খেলবে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে।
চতুর্থ রাউন্ডে জাতীয় দলের যেসব ক্রিকেটারের ম্যাচ বৃহস্পতিবার তাদের অবশ্য খেলার সুযোগ নেই। তাই সুযোগ থাকছে না মোহামেডানের তামিম, মিরাজ, শুভাশিষ ও প্রাইম ব্যাংকের সাব্বির, সৌম্য, রুবেলদের। ২৭ এপ্রিল ভিক্টোরিয়ার বিপক্ষে প্রাইম ব্যাংক ও মোহামেডানের ম্যাচ খেলাঘরের বিপক্ষে।
প্রিমিয়ার লিগের তৃতীয় রাউন্ড শেষ হয় ২০ এপ্রিল। চতুর্থ রাউন্ড মাঠে গড়ানোর কথা ছিল ২২ ও ২৩ এপ্রিল। কিন্তু বৃষ্টির কারণে তা পিছিয়ে ২৫ ও ২৬ এপ্রিল করা হয়। সেই ঘোষণার একদিন পার না হতেই আরও একদিন পিছিয়ে করা হয় ২৬ ও ২৭ এপ্রিল।
সাসেক্সে ক্যাম্প ও আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ দল:
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাঞ্জামুল ইসলাম, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, শুভাশিষ রায়।








