মৌলভীবাজারে আইনশৃংখলা বাহিনীর সদস্যদের ঘিরে রাখা জঙ্গি আস্তানায় অভিযান চালাতে ঢাকা থেকে মৌলভীবাজারের ঘটনাস্থলে এসে পৌঁছেছে বিশেষায়িত বাহিনী সোয়াট (স্পেশাল উইপন্স অ্যান্ড ট্যাক্টিকস)। বুধবার বিকেল ৫টার দিকে সোয়াট টিম জেলার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের নাসিরপুর গ্রামে এসে পৌঁছায়।
জঙ্গি আস্তানায় অভিযানে অংশ নিতে বুধবার বেলা সোয়া ১১টার দিকে সোয়াটের টিমটি ঢাকা থেকে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়।
দুটি জঙ্গি আস্তানা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে আইন শৃংখলাবাহিনী। বুধবার দুপুর থেকে আস্তানা দুটির ২ কিলোমিটার এলাকার জন্য এই আদেশ কার্যকর হচ্ছে।
মৌলভীবাজারের নাসিরপুর ও শহরের বড়হাট এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে মঙ্গলবার গভীর রাত থেকে দুটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, র্যাব ও পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। বুধবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে দু’টি জঙ্গি আস্তানায় বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। সকাল সাড়ে ১০টার দিকে বড়হাটের আস্তানার ভেতরে বিকট শব্দে তিনটি গ্রেনেডের বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা।
তবে দু’টি বাড়ির মালিকই এক লন্ডনপ্রবাসী। তার নাম সাইফুল রহমান। তিনি সপরিবারে লন্ডনে থাকেন। সাইফুলের বাড়ি দু’টি দেখভাল করেন আতিক নামে তার এক আত্মীয়।
স্থানীয় জনতাকে নিরাপদ রাখার জন্য এলাকায় মাইকিং করেছে পুলিশ।







