নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল সাসেক্সে কন্ডিশনিং ক্যাম্পের জন্য দেশ ছেড়েছেন। তাই মোহামেডানের নেতৃত্বের ভার চেপেছে রকিবুল হাসানের কাঁধে। অধিনায়কের দায়িত্ব পেয়েই সাদা-কালো শিবিরকে জয়ের ধারায় ফিরিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। তার ব্যাটে চেপে খেলাঘরকে ৪ উইকেটে হারিয়েছে মোহামেডান।
বৃহস্পতিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ১৮৯ রানের বেশি করতে পারেনি খেলাঘর। কিন্তু ১৯০ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯৪ রানেই সাজঘরে মোহামেডানের পাঁচ ব্যাটসম্যান। হার যখন চোখ রাঙাচ্ছিল তখনই মোহামেডানের হাল ধরেন রকিবুল হাসান। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটসম্যানের হার না মানা ৭৬ রানের ইনিংসে ভর করেই ৩১ বল বাকি থাকতে জয় পায় তারা।
হার দিয়ে লিগ শুরু করা মতিঝিল পাড়ার ক্লাবটি দ্বিতীয় ম্যাচে তামিম-ঝড়ে জয় পেলেও পরের ম্যাচে প্রাইম ব্যাংকের কাছে আবার হেরে যায়। চতুর্থ ম্যাচে হারের শঙ্কায় থাকা দলকে ঠিকই জয়ের পথে ফিরিয়ে আনলেন রকিবুল। ৯২ বলে ছয় চার ও তিন ছয়ে সাজানো রকিবুলের ইনিংস। সপ্তম উইকেটে তাকে যোগ্য সঙ্গ দেন স্পিনার থেকে ব্যাটসম্যান বনে যাওয়া তাইজুল ইসলাম। এই বাঁহাতির অপরাজিত ৪৭ বলে ১৪ রানের ধৈর্যশীল ইনিংসটি জয়ের পথ সহজ করে মোহামেডানের। ম্যাচসেরার পুরস্কার গেছে অধিনায়ক রকিবুল হাসানের হাতেই।








