সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিএনপি নেতা এম মোর্শেদ খান, তার স্ত্রী নাসরিন খান ও ছেলে ফয়সাল মোর্শেদ খানের বিরুদ্ধে অর্থপাচার মামলার পুনঃতদন্ত হবে কিনা তা জানা যাবে বৃহস্পতিবার।
মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ বিষয়ে আদেশের জন্য দিন ঠিক করেন।
আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। আর মোর্শেদ খানের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও আহসানুল করীম।
খুরশীদ আলম খান পরে সাংবাদিকদের বলেন, ‘হাইকোর্ট মামলাটি পুনঃতদন্ত করতে নির্দেশ দিয়েছিল। কিন্তু এর বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে (লিভ টু আপিল) তারা আবেদন করেছিলেন। সে আবেদনের উপর শুনানি নিয়ে সার্বোচ্চ আদালত বৃহস্পতিবার এবিষয়ে আদেশর জন্য দিন রেখেছে। অর্থাৎ মামলাটি পুনঃতদন্ত করা হবে কিনা তা জানা যাবে বৃহস্পতিবার।’
অর্থপাচারের অভিযোগে ২০১৩ সালে এম মোর্শেদ খান, তার স্ত্রী ও ছেলেসহ তিনজনের নামে একটি মামলা হয়। মামলার পরিপ্রেক্ষিতে ২০১৫ সাল পর্যন্ত তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ ছিল।
এ মামলায় ২০১৫ সালে দুদক চূড়ান্ত প্রতিবেদন দেয়। এরপর আদালত তাদের অব্যাহতি দিলে মোর্শেদ খানসহ তিনজনের অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়।
আদালতের অব্যাহতি আদেশের পর ঢাকার বিশেষ আদালতে দুদকের পক্ষ থেকে নারাজি আবেদন করা হলে সেটি খারিজ হয়ে যায়। বিচারিক আদালতের এ খারিজ আদেশের বিরুদ্ধে দুদক হাইকোর্টে একটি রিভিশন আবেদন করে।
এ আবেদনের শুনানি নিয়ে ২০১৬ সালের ৫ জুন ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়ে রুল জারি করে হাই কোর্ট।
১ সেপ্টেম্বর এ রুলের শুনানি শেষে হাই কোর্ট ৯ নভেম্বর রায় ঘোষণা করে। রায়ে মামলাটির পুনঃতদন্তের নির্দেশ দেওয়া হয়।








