মোবাইল ফোনের অসতর্ক ব্যবহার ইতোপূর্বে অনেক জীবন ধ্বংস করেছে। এবার সেই তালিকায় যুক্ত হলো এক পুলিশ সদস্যের নাম। রাজধানীর মিরপুর-১৪ নম্বরে পুলিশ লাইনের ভবনের ৬ষ্ঠ তলার রেলিংয়ে বসে মোবাইলে কথা বলার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে শরিফুল ইসলাম (২০) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
শরিফুল ইসলাম নামে নিহত এই পুলিশ সদস্যের বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলায়।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সকাল ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কাফরুল থানা ওসি শিকদার মো. শামীম চ্যানেল আই অনলাইনকে বলেন, ওই কনস্টেবল ৬ষ্ঠ তলায় ব্যারাকের বারান্দার রেলিংয়ে বসে ছিলেন। বারান্দার রেলিংয়ে বসে মোবাইলে কথা বলার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে গুরুতর অাহত হন। পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
পুলিশ লাইনের হাবিলদার হারুন অর রশিদ জানান, শরিফুল তিনমাস আগে কনস্টেবল হিসেবে পুলিশে যোগ দেন। তিনি মিরপুর পুলিশ পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) উত্তর বিভাগে কর্মরত ছিলেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, মোবাইলে কথা বলার সময় ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।







