সিনিয়র কয়েকজন খেলোয়াড় ক্লাব ছাড়তে পারেন। ম্যানচেস্টার সিটিকে তাই নতুন খেলোয়াড় ভেড়াতেই হতো। সেটা একটু আগেভাগেই শুরু করে দিলেন পেপ গার্দিওলা। ফ্রেঞ্চ ক্লাব মোনাকো থেকে র্বের্নার্দো সিলভাকে কিনেছে তিনে থেকে প্রিমিয়ার লিগ শেষ করা ম্যানসিটি।
ফ্রেঞ্চ লিগ ওয়ানে দারুণ একটি মৌসুম কাটানো ২২ বছর বয়সী সিলভাকে কেনার খরটি শুক্রবার নিজেদের ওয়েবসাইটে জানায় সিটি। ৫ বছরের চুক্তিতে পর্তুগিজ এই মিডফিল্ডারকে আনতে ঠিক কত ঢালতে হয়েছে সেটি ম্যানসিটি না জানালেও ইংলিশ গণমাধ্যম একটি ধারণা দিয়েছে। তারা প্রায় পাঁচ কোটি ইউরো খরচ করে রোনালদোর দেশের প্লেমেকারকে এনেছে বলে জানাচ্ছে দেশটির গণমাধ্যম।
মোনাকো এবারের ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন। তাতে সিলভার অবদান ১১ গোল আর ১২টি অ্যাসিস্ট। এই মোনাকোর কাছে অ্যাওয়ে গোলে হেরেই এবারের চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল সিটিজেনরা। দুটি ম্যাচেই খেলা সিলভাকে তখনই হয়তো মনে ধরে যায় গার্দিওলার।







