‘এ জীবন তোমার আমার’ সিনেমার মধ্য দিয়ে রূপালি পর্দায় অভিষেক ঘটান মিষ্টি মেয়ে পূর্ণিমা। এরপর তাকে আর ফিরে তাকাকে হয়নি। একের পর এক সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন ‘হৃদয়ের কথা’ খ্যাত জনপ্রিয় এই নায়িকা। সেই মিষ্টি পূর্ণিমার আজ জন্মদিন। জন্মদিনে চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা হলো পূর্ণিমা’র।
চ্যানেল আই অনলাইন: শুভ জন্মদিন
পূর্ণিমা:ধন্যবাদ।
চ্যানেল আই অনলাইন: জন্মদিনে কি আয়োজন থাকছে?
পূর্ণিমা: আসলে এবারের জন্মদিনটি রোজায় পড়ে যাওয়ার তেমন কিছু করা হচ্ছে না। তবে পরিবারের সবার সঙ্গে বাইরে ঈফতার করবো। এবং পরিবারের সবার জন্য ঈদ শপিং করবো।
চ্যানেল আই অনলাইন: প্রথম শুভেচ্ছা কে জানালো?
পূর্ণিমা: জন্মদিনের প্রথম শুভেচ্ছা ফাহাদ জামাল (স্বামী) করেছে এবং ওর সঙ্গে বারোটা ১ মিনিটে কেক কেটেছি।
চ্যানেল আই অনলাইন: পূর্ণিমার ছোটবেলার জন্মদিন কেমন ছিলো?
পূর্ণিমা: ছোটবেলার জন্মদিন অনেক মজার ছিলো। সাতদিন আগ থেকে আয়োজন চলতো। ড্রেস কেনা আত্মীয়-স্বজন ও বাড়ির আশপাশের সবাইকে দাওয়াত দেয়া হতো। আর জন্মদিনের দিন আমি ছিলাম প্রিন্সেস। সবাই যেনো আমাকেই নিয়ে ব্যস্ত থাকতো।
চ্যানেল আই অনলাইন: তাহলে এখন কিভাবে উদযাপন করা হয়?
পূর্ণিমা: বড় হয়ে যাওয়ার পর সব কিছুই বদলে যায়। তেমনি জন্মদিনের আয়োজনও বদলে গেছে।এখন শুধু পরিবারের সঙ্গেই থাকা হয়। আর মেয়ে আর্শিয়া হবার পর থেকে তেমন জন্মদিনের অনুভূতি হয় না। কারণ ওকে নিয়েই আমার সময় চলে যায়।
চ্যানেল আই অনলাইন: মজার কোনো স্মৃতি আছে?
পূর্ণিমা: মজার স্মৃতি বলতে গতবছরের মেয়ে আর্শিয়া জন্ম নেবার পর আমার জন্মদিন পরিবারের সবাই যেনো একদম ভুলে গেলো। আমি কাছের কয়েকজনকে ফোন করে জন্মদিনের মনে কথা মনে করিয়ে দিলাম।
চ্যানেল আই অনলাইন: ঈদ কোথায় করবেন?
পূর্ণিমা: ঈদ ঢাকাতেই করা হবে।
চ্যানেল আই অনলাইন: ঈদের শপিং করা শেষ?
পূর্ণিমা: না এখনো হয়নি। তবে আমার প্রিন্সেস আর্শিয়ার জন্য ঈদের আগেই অনেক কেনাকেটা করেছি। তারপরও আরো কিছু কেনাকেটা করবো ওর জন্য।
চ্যানেল আই অনলাইন: আবার কবে বড় পর্দায় ফিরবেন?
পূর্ণিমা: আসলে আমার মেয়ে এখনো ছোট। ওকে নিয়ে আমার পুরো সময়। তাই এখনো বলতে পারছিনা কবে বড় পর্দায় ফিরতে পারবো। তবে ফিরার অনেক ইচ্ছা আছে।
চ্যানেল আই অনলাইন: ভালো থাকবেন ধন্যবাদ এবং আরো একবার শুভ জন্মদিন।
পূর্ণিমা: ও অনেক ধন্যবাদ তোমাকে।
ফিরে দেখা পূর্ণিমা: ১৯৮১ সালের ১১ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন পূর্ণিমা। পরিচালক জাকির হোসেন রাজু ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আসেন তিনি। ২০০৩ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ‘মনের মাঝে তুমি’ সিনেমা করে সবার নজরে আসেন। এরপর রিয়াজ, মান্না, শাকিব খান, আমিন খানসহ সুপারহিট নায়কদের সঙ্গে জুটিবদ্ধ হন পূর্ণিমা। তবে রিয়াজ-পূর্ণিমা জুটি সবার মনের মাঝে। মেঘের পর মেঘ, সুভা, শাস্তি, হৃদয়ের কথা, আকাশ ছোঁয়া ভালোবাসা, মনের সাথে যুদ্ধ, রাক্ষুসী, সুলতানসহ অনেক সুপারহিট সিনেমার নায়িকা পূর্ণিমা।
২০০৭ সালে হাজারো পুরুষের মন ভেঙ্গে পারিবারিকভাবে জামাল ফাহাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০১৪ সালের ১৩ এপ্রিল প্রথম কন্যা সন্তানের মা হন মিষ্টি এ নায়িকা। স্বামী আর সন্তান নিয়ে ব্যস্ত হয়ে পরায় সিনেমা জগত থেকে এখন পুরোপুরি দূরে রয়েছেন ঢালিউডের জনপ্রিয় এই নায়িকা।






