ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক আর নেই। বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। তার মৃত্যুতে শোকাহত চ্যানেল আই পরিবার।
আনিসুল হকের চিকিৎসার বিষয়ে গণমাধ্যমকে জানানোর জন্য দায়িত্বপ্রাপ্ত নাগরিক টিভির সিইও আব্দুন নূর তুষার ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চত করেছেন।
ফেসবুকে দেয়া স্ট্যাটাসে তিনি বলেন: ‘‘আমি গভীর দু:খের সাথে সকলকে পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি যে, ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের মেয়র, নন্দিত টেলিভিশন ব্যক্তিত্ব, সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী, মোহাম্মদী গ্রুপের চেয়ারম্যান জনাব আনিসুল হক, ৩০ নভেম্বর ২০১৭ লন্ডন সময় ৪:২৩ মিনিটে, বাংলাদেশ সময় রাত ১০:২৩ মিনিটে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেছেন। তার পাশে সেই সময় উপস্থিত ছিলেন তার স্ত্রী , পুত্র ও কন্যাদ্বয়। তার মরদেহ শনিবার সকাল ১১:৪০ মিনিটে বাংলাদেশ বিমানযোগে ঢাকায় আনা হবে।
ঢাকা সহ সারা দেশে তার সকল শুভান্যুধায়ী, গুনগ্রাহী যারা তার জন্য দোয়া করেছেন, সকল গণমাধ্যমকর্মী ও তার স্বজনদের আমরা তার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আপনারা দোয়া করবেন যাতে তিনি জান্নাতবাসী হন।’’
শুক্রবার বাদ জুমা লন্ডনের রিজেন্ট পার্ক মসজিদে তার নামাজে জানাজা শেষে শনিবার বেলা ১১টা ৪০মিনিটে আনিসুল হকের মরদেহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ঢাকায় আনা হবে। একই দিন বিকেল ৪টায় আর্মি স্টেডিয়ামে তার নামাজে জানাযা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। শোক প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
এর আগে মেয়র আনিসুল হকের মেয়ে কানিশা হক জানিয়েছিলেন, লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে আনিসুল হককে সেন্ট্রাল লন্ডনের একটি হাসপাতালের আইসিইউতে নেয়া হয়।
গত ৪ আগস্ট তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করার পর তাকে আইসিইউতে রাখা হয়েছিল। অবস্থার উন্নতি হলে ৩১ অক্টোবর তাকে আইসিইউ থেকে রিহ্যাবিলিটেশনে নেয়ার খবর জানিয়ে বিবৃতি দিয়েছিল ঢাকা উত্তর সিটি করপোরেশন। এর এক মাসের মধ্যে আবারো আইসিইউতে নেওয়া হল ৬৫ বছর বয়সী আনিসুল হককে।
নাতির জন্ম উপলক্ষে গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডনে যান ৬৫ বছর বয়সী আনিসুল হক। তিনি সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালীর প্রদাহ) আক্রান্ত হয়েছিলেন। তখন থেকেই লন্ডনে চিকিৎসাধীনছিলো জনপ্রিয় এ ব্যক্তিত্ব।









