চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছেন জাতীয় দলের খেলোয়াড়রা। তাতে কী জৌলুস হারাল চলতি ঢাকা প্রিমিয়ার লিগ? প্রাইম ব্যাংকের খেলা দেখে কিন্তু তা মনে হচ্ছে না। সাব্বির রহমান, সৌম্য সরকার, রুবেল হোসেনদের হারিয়েও আগের মতই জ্বলছে ২০১৫ মৌসুমের শিরোপা-জয়ী দলটি। অধিনায়ক মেহেদী মারুফের শতকে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে ১৩০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে দলটি। এই জয়ে লিগে টানা ৪ ম্যাচেই জয় পেল মেহেদী মারুফের দল।
অথচ লিগের শুরুটা খুব একটা ভালো কাটেনি এই ডানহাতি ব্যাটসম্যানের। আগের তিন ইনিংসে রান ছিল ২১, ০ এবং ৭। জাতীয় দলের খেলোয়াড়দের হারিয়ে যখন কাঁপছে প্রাইম ব্যাংক ঠিক তখনই জ্বলে উঠলেন মেহেদী। ১০৩ বল খেলে ১২ চার এবং দুই ছয়ে হাঁকিয়েছেন ১০১ রানের ঝকঝকে ইনিংস। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে এটি মারুফের দ্বিতীয় শতক। আগের ইনিংসটি ছিল অপরাজিত ১১৮ রানের।
বৃহস্পতিবার বিকেএসপির ৪ নম্বর মাঠে প্রথমে ব্যাট করতে নেমে মেহেদী ছাড়া প্রাইম ব্যাংকের হয়ে অন্য ব্যাটসম্যানরা খুব একটা ভালো করতে পারেননি। তারপরও ৫০ ওভারের দুই বল বাকি থাকতে অলআউট হওয়ার আগে ২৮৩ রানের বড় সংগ্রহ পায় প্রাইম ব্যাংক।
লক্ষ্য তাড়া করতে নেমে প্রাইম বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি ভিক্টোরিয়া। মাত্র ৩৩.৫ ওভারে ১৫৩ রানে অলআউট হয়ে ম্যাচ হেরেছে ১৩০ রানের বিশাল ব্যবধানে। প্রাইম ব্যাংকের মিডিয়াম পেসার আরিফুল হক মাত্র ১৭ বল হাত ঘুরিয়ে ১৪ রানে পেয়েছেন ৩ উইকেট। আর জাতীয় দল থেকে ব্রাত্য পেসার আল -আমিন হোসেন নিয়েছেন ২ উইকেট।
টানা চার জয়ে টেবিলের শীর্ষে এখন প্রাইম ব্যাংক। আর ক্যাপ্টেন্সনকে ম্যাচসেরার পুরষ্কার গেছে মেহেদী মারুফের হাতে।








