লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের গোলে ভিয়ারিয়ালকে ২-০ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। রোববার রাতে কাতালান জার্সিতে ৫২৫তম গোল করে মেসি ছুঁয়েছেন দারুণ একটি রেকর্ডও।
ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে খেলেছে বার্সা। চতুর্থ মিনিটে জেরার্ড পিকের হেড ক্রসবার দুর্ভাগ্যে পড়ায় এগিয়ে যাওয়া হয়নি। ২২ মিনিটে মেসির ফ্রি-কিক ঠেকিয়ে দিয়েছেন সার্জিও। ৩৭ মিনিটে বক্সের প্রান্ত থেকে মেসির শট পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।
এসময় ভিয়ারিয়ালও দুটি সুযোগ সৃষ্টি করে পরিণতি দিতে না পারায় গোলশূন্যতেই শেষ হয়েছে প্রথমার্ধ।
ম্যাচের ৫৮ মিনিটে মেসির আরেকটি শট পোস্টে চুমু নিয়ে চলে যায়। ৬০ মিনিটে স্বাগতিকরা দশ জনের দল হয়ে পড়ে। সার্জিও বুসকেটসকে বাজেভাবে ট্যাকল করায় এসময় দানি রাবাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।

পরে ৬৭ মিনিটে জর্ডি আলবার ক্রসে সুয়ারেজের শট পোস্ট দুর্ভাগ্যে পড়লে বার্সেলোনার হতাশা বাড়তে থাকে।
ম্যাচের ৭২ মিনিটে গোলের অপেক্ষার ইতি টানেন সুয়ারেজ। মেসির বাড়ানো বলে জাল খুঁজে নেন উরুগুয়ে স্ট্রাইকার।
আর ৮২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে পূর্ণ পয়েন্ট নিশ্চিত করেন মেসি। বুসকেটসের পাসে বল পেয়ে প্রতিপক্ষ গোলরক্ষককে ফাঁকি দেন আর্জেন্টাইন অধিনায়ক। চলতি লিগে এটি তার ১৪তম গোল। বার্সার জার্সিতে ৫২৫তম। যা দিয়ে একই ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলে বায়ার্ন মিউনিখের জার্ড মুলারের রেকর্ড ছুঁয়েছেন মেসি।

এই জয়ে ১৫ ম্যাচে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট হল ৩৯। ৩৪ পয়েন্টে নিয়ে দ্বিতীয় স্থানে আছে ভ্যালেন্সিয়া। ৩৩ পয়েন্ট নিয়ে তিনে অ্যাটলেটিকো ও ৩১ পয়েন্টে চারে রিয়াল মাদ্রিদ।







