‘মেসির মতো খেলোয়াড়দের জন্য বিশ্বের কোথাও মানিয়ে নিতে সমস্যা হবে না। তার অভিযোজন ক্ষমতা দারুণ। সে ফ্রান্স, স্পেন, জাপান, এমনকি মাদাগাস্কারেও একইভাবে পারফর্ম করতে সক্ষম।’
লিওনেল মেসি পিএসজিতে যাওয়ার পর নানা সময়ে গুঞ্জন উঠেছে প্যারিসে মানিয়ে নিতে বেগ পেতে হচ্ছে তাকে। আর্জেন্টাইন মহাতারকাকে ঘিরে ওঠা সেসব আলোচনা উড়িয়ে দিলেন সতীর্থ আন্দ্রে হের্রেরা। বিশ্বের যেকোনো প্রান্তেই মানিয়ে নিতে মেসির কষ্ট হবে না, মুন্ডো দেপোর্তিভোকে এমন বলেছেন লা প্যারিসিয়ানদের স্প্যানিশ মিডফিল্ডার।
সাতবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার অনুশীলনকে একদমই হালকাভাবে নেন না। এ বিষয়টির জন্যও মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন পিএসজিতে তার মিডফিল্ডার সতীর্থ।
‘তাকে দেখে বোঝাই যায় না যে সে সাতবার ব্যালন ডি’অর জিতেছে। কারণ সে এখনো অনুশীলনে এমনভাবে অংশ নেয় যে কেবলই খেলা শুরু করেছে। অনুশীলনের কোনো ব্যাপারকেই হালকাভাবে নেয় না।’
মেসির সেরাটা বের করে আনার জন্য দলের সবাইকে সুযোগ করে দিতে হবে বলেও মনে করেন হের্রেরা। তার মতে, মেসির সেরাটা পাওয়ার জন্য সবাইকে মেসির মতো করে খেলার পদ্ধতি অবলম্বন করতে হবে।
মেসি-এমবাপে ইস্যুতেও কথা বলেছেন হের্রেরা। জানিয়েছেন দুজনের সামর্থ্যের কথা।
‘কাইলিয়ান অবশ্যই কয়েক বছরের মধ্যে বিশ্বের সেরা খেলোয়াড় হওয়ার সামর্থ্য রাখে। তবে আমরা সবাই জানি, বর্তমানে বিশ্বের সেরা খেলোয়াড় মেসি এবং এ ব্যাপারে কোনোরকম সন্দেহ নেই। আর মেসির কাছ থেকে শেখার জন্য বেশ আগ্রহী এমবাপে।’








