ম্যাচ শেষে লিওনেল মেসিকে বুকে জড়িয়ে বেশ কিছুক্ষণ কি যেন বললেন চেলসি কোচ আন্তোনিও কন্তে। তবে মাঠে কি বললেন সেটা না জানা গেলেও ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে যা বললেন সেটা তো জানা গেল। প্রতিপক্ষের কোচ হয়ে খেলায় মুগ্ধ কন্তে বিশ্বসেরার সার্টিফিকেট দিয়ে গেলেন মেসিকে।
ন্যু ক্যাম্পে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে চেলসিকে হারাতে বেশ কিছু কৌশলগত সিদ্ধান্ত নিয়েছিলেন বার্সেলোনা কোচ আর্নেস্টো ভালভার্দে। কিন্তু চেলসি কোচ বলছেন, ম্যাচের ফলে পার্থক্য গড়ে দিয়েছেন মেসিই। এরপরই এলএম টেনকে বিশ্বসেরার স্বীকৃতি দেন এই ইতালিয়ান কোচ।
মেসির জোড়া গোলে চেলসিকে ৩-০ গোলে উড়িয়ে দেয় বার্সা। আর দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকে শেষ আট নিশ্চিত করে কাতালানরা। চেলসির ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজের প্রথম লেগে ১-১ গোলে ড্র করে দুদল।
কন্তে বলেন, ‘মেসি অসাধারণ খেলোয়াড়। সেই বিশ্বের সেরা। আমি মনে করি, মেসির মত খেলোয়াড়ের প্রশংসা করার মত সুযোগ পেলে সেটা করাই উচিত। আমরা এমন একজন ফুটবলারকে নিয়ে কথা বলছি, যিনি প্রতিটি মৌসুমে ৬০টি করে গোল করছেন।’
তবে মেসির দুর্দান্ত পারফরম্যান্সের পরও ম্যাচের ফলাফলকে সহজভাবে মেনে নিতে পারছেন না কন্তে। তিনি বলেন, ‘আমার মনে হয় না এটা ন্যায্য ফলাফল ছিল। আমরা খারাপ শুরু করলেও পরে তা কাটিয়ে উঠেছিলাম। আমাদের চারটি বল গোলবারে প্রতিহত হয়েছে, যেটা অদ্ভুত।’
চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিলেও নিজের খেলোয়াড়দের নিয়ে গর্বিত কন্তে।








