শক্তির বিচারে ভারতের চেয়ে বাংলাদেশের সামর্থ্য নিয়ে প্রশ্ন থাকলেও উত্তেজনার কমতি নেই টাইগার ক্রিকেট ভক্তদের। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের পর থেকে ভারতের বাংলাদেশ সফর নিয়ে বাকযুদ্ধ কম হয়নি ক্রিকেট পাড়ায়।
ফতুল্লা টেস্ট উত্তেজনা ছড়ালেও বৃষ্টির কবলে তা রঙ হারিয়েছে। তাই টাইগার ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন ‘হোম অব ক্রিকেটে’ আজ হতে যাওয়া ভারত ও বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচ।
তবে পরিসংখ্যানের বিচারে এগিয়ে টিম ইন্ডিয়াই। এ পর্যন্ত টাইগাদের সাথে ২৯ দেখায় ২৫ টিতেই জয় তুলে নিয়েছে ভারতীয়রা। বিপরীতে টাইগারদের জয় মাত্র তিনটিতে। অন্য ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত।
এই ম্যাচে চালকের আসনে বসতে পারেন ভারতীয় ব্যাটসম্যান ভিরাট কোহলি। ভারতীয় দলের বর্তমান খেলোয়াড়দের মধ্যে এক ইনিংসে সর্বোচ্চ ১৩৬ রানের ইনিংসটি তার। ২০১৪ সালে ফতুল্লায় ১২২ বল থেকে তিনি এই রান সংগ্রহ করেন।
তবে পিছিয়ে নেই টাইগার টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমও। ওই ফতুল্লাতেই ১১৩ বলে ১১৭ রানের ইনিংস খেলেছেন তিনি। তাই মিরপুরে আজ নিশ্চয় তার দিকেই তাকিয়ে থাকবে টাইগার ক্রিকেটপ্রেমিরা।
ব্যাট হাতে ভারতীয়দের পক্ষে বিধ্বংসী হয়ে উঠতে পারেন সুরেশ রায়নাও। ঠিক তেমনই তার জবাব দেওয়ার জন্য টাইগার শিবিরে আছেন তামিম ইকবাল। আগের দশ সাক্ষাতে রায়না ১১৩.৫৩ স্ট্রাইকরেটে তুলে নিয়েছেন ৩২৫ রান। আর ১৩ ইনিংসে ৮৫.৫৪ স্ট্রাইকরেটে তামিম ইকবালের সংগ্রহ ৪৯৮ রান।
ভারতীয়দের বিপক্ষে বাংলাদেশের পক্ষে বর্তমান টিমে ১৬ উইকেট নিয়ে সবচেয়ে সফল বোলার অধিনায়ক মাশরাফি। তাই টাইগারদের বোলিং আক্রমণের দায়িত্বটা থাকছে তার কাঁধেই। অন্যদিকে, ভারতীয় এই দলের মধ্যে সব থেকে সফল বোলার উমেশ যাদব। ৪ ম্যাচ থেকে তিনি তুলে নিয়েছেন ৭ উইকেট।
শুধু ভারত নয়, যে কোনো বড় দলকে হারানোর সামর্থ্য রাখার আত্মবিশ্বাসকে সঙ্গী করে সিরিজের প্রথম ওয়ানডেতে নামবে বাংলাদেশ। আর টিম টাইগার্সের সামর্থ্যের প্রতি শ্রদ্ধা রেখেই প্রস্তুতি নিয়েছে টিম ইন্ডিয়া।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে একটি ম্যাচ জিতলেই এক ধাপ এগিয়ে ওডিআই র্যাংঙ্কিংয়ের সাত নম্বরে উঠে যাওয়ার হাতছানি বাংলাদেশের সামনে। সঙ্গে আছে ২০১৭ সালে ইংল্যান্ডে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টে খেলার সম্ভাবনা বাড়ানোর সুযোগ।







