মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে এক বিশাল চমক উপহার দিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। আকস্মিকভাবে এক সম্মানজনক অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন বাইডেন। অশ্রুসজল চোখে আজ (স্থানীয় সময় বৃহস্পতিবার) প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম পুরস্কার গ্রহণ করেন তিনি। হোয়াইট হাউজের এক অনুষ্ঠানে তাকে সর্বোচ্চ বেসামরিক এই সম্মাননা প্রদান করা হয়।
বাইডেনের ‘আমেরিকান সহকর্মীদের প্রতি বিশ্বাস, দেশের জন্য ভালোবাসা এবং কয়েক প্রজন্ম ধরে তার সেবাকালের’ অকুন্ঠ প্রশংসা করেন ওবামা। বলেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের শেষ পর্যায়ে, আমি আমাদের জাতির সর্বোচ্চ বেসামরিক সম্মাননা দ্য প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম প্রদান করতে পেরে খুশী।
ওবামার এই ঘোষণায় আবেগাপ্লুত হয়ে পড়েন ভাইস প্রেসিডেন্ট। ওবামার পাশেই দাড়িয়ে থাকা বাইডেন তার আবেগ, চোখের জল লুকাতে এসময় পেছনে ঘুরে যান। পকেট থেকে রুমাল বের করে চোখ মুছেন। কিছুক্ষণ পরে যখন সামনে মুখ ফেরান, তার চোখে তখনও ছিলো অশ্রু। আর করতালিতে মুখর অনুষ্ঠানস্থল।
এমন কিছু হতে পারে বলে বিন্দুমাত্র ধারণা ছিলো না, বলেন বাইডেন। আবেগাপ্লুত বাইডেন ‘এই পুরস্কারের যোগ্য নই’ মন্তব্য করে বলেন, “এই সম্মাননা শুধু আমার প্রাপ্যের চেয়ে বেশিই নয়, তা আপনার (প্রেসিডেন্ট) মনের উদারতা ও বিশালত্বের পরিচায়ক। আমি এর যোগ্য নই, কিন্তু আমি জানি এটা প্রেসিডেন্টের হৃদয়ের নির্যাস।”
বাইডেনকে এভাবে চমক দেওয়ার আগে বাইডেন, তার স্ত্রী ড. জিল বাইডেন এবং তার সন্তান ও নাতি-নাতনিদের প্রশংসা করে ওবামা বেশ দীর্ঘ ও বর্ণিল বক্তব্য দেন। “এটা এমন এক পরিবার যা এই দেশকে নির্মাণ করেছে।” মন্তব্য করেন ওবামা।
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বকাল শেষ হয়ে এলেও তাদের দুজনের সম্পর্ক সবসময় পরিবারের বন্ধনের মতোই দৃঢ় থাকবে, বলেন ওবামা। বাইডেনের প্রশংসায় এসময় একজন রিপাবলিকান সিনেটরকে উদ্ধৃত করে তিনি বলেন, “তুমি যদি ব্যক্তি জো বাইডেনের প্রশংসা করতে না পারো, তবে তোমার কোন সমস্যা আছে।” তিনি আরো বলেন, “স্রষ্টার ভালো সৃষ্টির মধ্যে তিনি একজন।”








