রাজধানীতে দেশের প্রথম ‘ইনোভেশন সেন্টার’ উদ্বোধনের ঘোষণা দিয়েছে বহুজাতিক বিমা প্রতিষ্ঠান মেটলাইফ বাংলাদেশ। মেটলাইফের লুমেন ল্যাবের প্রযুক্তি সহায়তায় এই সেন্টার পরিচালিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ৩৮০ বর্গফুটের ইনোভেশন সেন্টারটি মতিঝিল বাণিজ্যিক এলাকায় মেটলাইফ ভবনে অবস্থিত। ইনোভেশন সেন্টার নতুন ধরনের প্রচেষ্টা ও পরীক্ষণ প্রক্রিয়ায় নতুন সব সমাধান তৈরিতে কাজ করবে যা সার্বিকভাবে জীবন বিমা নিয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি, বাংলাদেশের গ্রাহকদের চাহিদা মেটাতেও সহায়তা করবে।
এ বিষয়ে মেটলাইফ বাংলাদেশ এর জেনারেল ম্যানেজার সৈয়দ হাম্মাদুল করীম বলেন, ‘বিমা শিল্পে উদ্ভাবনের পাশাপাশি, মেধা উন্নয়ন আমাদের লক্ষ্য এবং আজকে দেশের বিমা শিল্পের প্রথম ইনোভেশন সেন্টার উদ্বোধন করতে পেরে আমরা গর্বিত। এই ইনোভেশন সেন্টার এর মাধ্যমে মেটলাইফ কর্মীরা গ্রাহক সেবার ক্ষেত্রে তাদের উদ্বোধনী ভাবনার প্রকাশ ঘটাতে পারবে, যা গ্রাহকদের আরও বেশি সম্পৃক্ত হতে সহায়তা করবে।’
লুমেন ল্যাবের সিইও এবং মেটলাইফ এশিয়া-র চিফ ইনোভেশন অফিসার জিয়া জামান বলেন, ‘ইনোভেশন সেন্টার হচ্ছে সবার থেকে আলাদা ভাবে পরিচিতি লাভ করার মাধ্যম। আমাদের সেবাদানের সক্ষমতার উপর ভিত্তি করে আমরা গ্রাহকদের সাথে আমাদের যোগাযোগের ধরন নতুন ভাবে সাজাতে চাই। উদ্ভাবনী সংস্কৃতির মাধ্যমে বয়ে আনা পরিবর্তন এবং আমাদের নেটওয়ার্ককে কাজে লাগিয়ে ইনোভেশন সেন্টার গুলো আরও আকর্ষণীয় পণ্য ও সেবা এবং চমৎকার অভিজ্ঞতা দিতে পারবে বলে আমরা আত্মবিশ্বাসী।’
বিমা শিল্পে ডিজিটাল উদ্ভাবনের ক্ষেত্রে প্রথম পদক্ষেপ গ্রহণকারী হিসেবে মেটলাইফ এর সুনাম রয়েছে । ২০১৫ সালের জুলাই-এ মেটলাইফ এশিয়ার সিঙ্গাপুরভিত্তিক ইনোভেশন সেন্টার লুমেন ল্যাব উদ্বোধন করে। লুমেন ল্যাব স্বাস্থ্য, বার্ধক্য ও সম্পদের ক্ষেত্রে সম্পূর্ণ নতুন ধরনের ব্যবসায়িক মডেল উন্নয়নের ওপর কাজ করে আসছে। এখান থেকে ৯টি পরীক্ষামূলক প্রকল্প শুরুর ব্যাপারে সহায়তা দেয়া হয়েছে যা ইতিমধ্যেই হাজার হাজার মানুষের কাছেও পৌঁছে গেছে। জাপানেও মেটলাইফের একটি ইনোভেশন সেন্টার রয়েছে।







