বাংলাদেশের এসার ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হয়েছেন লাক্স তারকা মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। যুক্তরাষ্ট্রের মেগান ফক্স ও ভারতের হৃতিক রোশনের পরে বাংলাদেশে এসারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন তিনি।
গত ১১ ফেব্রুয়ারি এর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, বাংলাদেশে এসারের ডিস্ট্রিবিউটর মেঘনা গ্রুপের এক্সিকিউটিভ টোকনোলজিস লিমিটেডের জেনারেল ম্যানেজার সালমান আলী খানসহ অন্যান্য কর্মকর্তাগণ।
চুক্তি স্বাক্ষরের পর উপহার হিসেবে মিমের হাতে একটি এসার ব্র্যান্ডের ল্যাপটপ তুলে দেন সালমান আলী খান।
বিদ্যা সিনহা মিম অনুষ্ঠানে বলেছেন, এসার একটি বিখ্যাত ব্র্যান্ড। বিশ্বের জনপ্রিয় তারকারা এই ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হয়েছেন। এটা সত্যিই আমার জন্য ভীষণ আনন্দের ও সন্মানের। চুক্তি অনুযায়ী আগামী এক বছর এসার ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করব। খুব শিগগিরই প্রয়োজনীয় ফটোশুট, টিভি বিজ্ঞাপনসহ সব ধরনের প্রচারণায় অংশ নেয়া হবে আমার।
এ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ায় আগামী এক বছরে তিনি শুধুমাত্র এসার ছাড়া একই ধরনের অন্য কোনো প্রতিষ্ঠান বা পণ্যের প্রতিনিধিত্ব করবেন না।
বাংলাদেশে মিম ছাড়াও বিশ্বের কয়েকটি দেশে এসারের ব্র্যান্ড অ্যাম্বাসেডররা হলেন ভারতে বলিউড অভিনেতা হৃতিক রোশন, যুক্তরাষ্ট্রে হলিউড অভিনেত্রী ও মডেল মেগান ফক্স, পাকিস্তানে মডেল ও অভিনেতা আদনান সিদ্দিকী, ফিলিপাইনের মডেল ও অভিনেত্রী লিজা সোবারেনো প্রমুখ।







