মেক্সিকোতে ক্রুজ শিপ থেকে পর্যটক বহন করা একটি বাস দুর্ঘটনায় অন্তত ১২ পর্যটকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১৮ জন।
মেক্সিকোর কুইনটানা রু রাজ্যের মাহাহুয়াল ও ক্যাফেটালের মধ্যে এই দুর্ঘটনা ঘটে।
বাসে মোট ৩১ জন পর্যটক ছিলো। মেক্সিকোতে রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজে ভ্রমণ করছিলেন এসব পর্যটকরা। নিহতদের মধ্যে আমেরিকা, ইটালি, সুইডন ও ব্রাজিলের নাগরিক রয়েছে। স্থানীয় একজন গাইডও তাদের সঙ্গে ছিলেন।
ঘটনার পরই আহতদের দ্রুত পাশের চারটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শেষ খবর পর্যন্ত দুর্ঘটনার কারণ জানা যায়নি।
এই দুর্ঘটনাকে খুবই হৃদয় বিদারক উল্লেখ করে রয়্যাল ক্যারিবিয়ানের এক টু্ইট বার্তায় বলা হয়, আমাদের পক্ষে অতিথিদের জন্য যতটুকু করা সম্ভব আমরা করছি। তাদের মেডিকেল সেবা দেয়া ও যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে।
কুইনটানা রু রাজ্য সরকার জানিয়েছে, নিহত ১২ জনের মধ্যে একজন শিশুও রয়েছে। তবে এর বেশি আর কোনো তথ্য পাওয়া যায়নি।
মেক্সিকোতে প্রায়ই বাস দুর্ঘটনা হয়ে থাকে। ভয়ঙ্কর পথগুলোতে রাতে গাড়ি চালানোর সময়ে এসব দুর্ঘটনা ঘটে। কিন্তু দিনের বেলায় এত পর্যটক নিয়ে দুর্ঘটনার ঘটনা খুব কম।







