বাংলাদেশে টেলিভিশন সাংবাদিকতার শুরুর ও চ্যানেল আই সংবাদের প্রতিষ্ঠাকালীন সময়ের সংবাদকর্মী মাহবুব মতিন এর ৭ম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৯ সালের আজকের দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।
চ্যানেল আই সংবাদে যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন মাহবুব মতিন। বাবার চাকরির সূত্রে পাকিস্তানের করাচীতে ১৯৭০ সালের ২২শে জুলাই মাহবুব মতিনের জন্ম। দৈনিক মিল্লাত দিয়ে তার সাংবাদিকতার শুরু, পরবর্তীকালে কাজ করেছেন দৈনিক রূপালী, ভোরের কাগজ এবং সংবাদ-এ। সাংবাদিকতার পাশাপাশি সাংস্কৃতিক এবং সামাজিক কর্মকাণ্ডেও জড়িত ছিলেন তিনি।
ছোটদের নিয়ে গড়া সংগঠন ‘ছোটরাই’ এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এই সংবাদকর্মী। দেশে কমর্রত সাংবাদিকদের জন্য প্রথম ওয়েবসাইট ‘জার্নালিস্টবিডি’ চালু করেছিলেন মাহবুব মতিন। তার মৃত্যুবার্ষিকীতে চ্যানেল আই মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।










