জিম্বাবুয়ের বিপক্ষে তিনম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ও দ্বিতীয়টিতে জয়ের ফলে সিরিজ নিশ্চিত করার পর তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটিতে ২৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা জিম্বাবুয়েকে জোড়া আঘাত করেছেন বিস্ময় বালক মুস্তাফিজুর রহমান।
দলীয় ৪ রানের মাথায় দুর্দান্ত এক ডেলিভারিতে চামু চিবাবাকে সরাসরি বোল্ড করার পর দলীয় ৪৩ রানে অপর উদ্বোধনী ব্যাটসম্যান র্যাজিস চাকাভাকে নাসিরের ক্যাচে পরিণত করেন।
চিবাবা ৪ ও চাকাভা ১৭ রান করে আউট হন। বড় লক্ষ্যে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে টাইগার সেনসেশন মুস্তাফিজের আক্রমণে চাপে পড়েছে।
প্রথম ওয়ানডে ম্যাচে ৬ ওভার করে উইকেট শূণ্য থাকা মুস্তাফিজ স্বরুপে প্রত্যাবর্তনের দ্বিতীয় ম্যাচটিতে নেন সর্বোচ্চ তিন উইকেট। জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে শেষ ম্যাচটিতে উইকেট শিকারের সূচনা করেন এই কাটার বিশেষজ্ঞ।
এর আগে টসে জিতে ব্যাট করতে নামা টাইগাররা তামিম ইকবাল ও ইমরুল কায়েসের দৃষ্টিনন্দন ১৪৭ রানের উদ্বোধনী জুটি এবং মাহমুদুল্লাহ রিয়াদের ৫২ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভার খেলা শেষে ৯ উইকেট হারিয়ে ২৭৬ রান করেন। ক্রিকেটের তিন সংস্করণেই সর্বোচ্চ রানের মালিক তামিম এবং টানা দ্বিতীয় ম্যাচে ফিফটি করা ইমরুল দুজনই ৭৩ রান করেন।
জিম্বাবুয়ের হয়ে লুক জংগুই ও গ্রিম ক্রেমার ২টি করে উইকেট নেন। এলটন চিগুম্বরা ও ম্যালকম ওয়ালার ও টিনেসি পানিয়াঙ্গারা প্রত্যেকে একটি করে উইকেট নেন।
আজ জিতলেই ওয়ানডে ক্রিকেটে ১১তম বারের মতো প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ। সর্বশেষ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার মধ্যদিয়ে প্রতিপক্ষকে দশমবারের মতো হোয়াইটওয়াশ করে টাইগাররা।







