টি২০ বিশ্বকাপের সুপার টেনের প্রথম ম্যাচে মুস্তাফিজুর রহমানকে খেলানোর সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। সোমবার কলকাতার বিখ্যাত ইডেনে অনুষ্ঠিত হবে ওই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান।
তবে মূলপর্বে পাকিস্তানের বিপক্ষে মুস্তাফিজকে খেলানোর সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছেন টিম লিডার ও ক্রিকেট বোর্ড পরিচালক আকরাম খান।
চ্যানেল আই অনলাইনকে আকরাম খান বলেন, ‘ওকে খেলানোর চেষ্টা করছে ম্যানেজমেন্ট। আজ (মঙ্গলবার) আবার ফিটনেস টেস্ট করানো হবে। বিকেল ৩টায় অনুশীলন টাইগারদের। সেখানেই জানা যাবে মুস্তফিজের আপডেট।’
ক্রিকেটের অন্যতম পীঠস্থান কলকাতার ইডেন গার্ডেন্সে প্রায় ২৫ বছর পর কাল খেলতে নামছে বাংলাদেশ। ইডেনে শেষ এবং বাংলাদেশের একমাত্র ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিলো ১৯৯০ সালের ৩১ ডিসেম্বর।
এশিয়া কাপ চলাকালে আঘাত পেয়েছিলেন মুস্তাফিজ। যার কারণে এশিয়া কাপের দুটি ম্যাচ ও টি২০ বিশ্বকাপের বাছাইপর্বের তিনটি ম্যাচও খেলতে পারেননি তিনি। মূলত বাছাইপর্বে তাকে মাঠে নামিয়ে ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট।







