যুক্তরাষ্ট্রে মুসলিম প্রবেশ ইস্যুতে দেওয়া নিজের বক্তব্যে অটল রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প।
রিপাবলিকান দলীয় বিতর্কে তিনি জানিয়েছেন, মুসলমানদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারির প্রস্তাব থেকে সরে আসবেন না।
ট্রাম্পের মতে, বিষয়টি দেশের নিরাপত্তার সঙ্গে জড়িত। বিতর্কে মুসলমান ইস্যু ছাড়াও আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণসহ বিভিন্ন ইস্যুতে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়ান দলের ৭ প্রতিদ্বন্দ্বী।
গত নভেম্বরে প্যারিস হামলার পর ট্রাম্প যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশে নিষেধাজ্ঞা জারির প্রস্তাব করেন। তার এ প্রস্তাবে যুক্তরাষ্ট্রসহ পুরো বিশ্বে তীব্র সমালোচনার ঝড় ওঠে।
ট্রাম্পের মন্তব্যকে বর্ণবাদী উল্লেখ করে ব্রিটেনে প্রবেশে নিষেধাজ্ঞার দাবি ওঠে।
ইসলামিক স্টেটের (আইএস) মতো জঙ্গিগোষ্ঠীগুলো তার এ মন্তব্যকে কাজে লাগিয়ে সদস্য সংগ্রহ বেগবান করবে বলে আশঙ্কা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
তবে এরপর মার্কিন ভোটারদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা বাড়তেও দেখা যায়।
বিতর্কে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ট্রাম্পকে ওই বিতর্কিত মন্তব্য পুনর্বিবেচনার কথা বলেন। ভারত বা ইন্দোনেশিয়ার মতো যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর মুসলমানদের ক্ষেত্রেও ট্রাম্প একই অবস্থান বজায় রাখবেন কি-না এমন প্রশ্নও করা হয় তাকে।
জবাবে ট্রাম্প জানান, তিনি তার ওই প্রস্তাব থেকে সরে আসবেন না।
তিনি বলেন, ‘আমার কাছে দেশের নিরাপত্তাই সবচেয়ে বড়। আমি এই দেশের নিরাপত্তা চাই। কট্টর ইসলামের বিষয়ে আমাদের গুরুতর সমস্যা রয়েছে। এটা শুধু এখানকার নয়, পুরো বিশ্বেরই সমস্যা।’
আরেক প্রার্থী জেব বুশ বলেন, ‘আমরা কি ভারত, ইন্দোনেশিয়া বা ঘনিষ্ঠ মিত্র দেশের মুসলমানদেরও নিষিদ্ধ করব? যাদের সঙ্গে আমাদের শক্তিশালী সম্পর্ক তৈরি করার প্রয়োজন রয়েছে? অবশ্যই এটা করব না। আমাদের প্রয়োজন হলো আইএসকে ধ্বংস করা।’






