২৯ রানে ২ উইকেট হারানো বাংলাদেশকে লড়াইয়ে রেখেছেন মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। প্রথম সেশনের বিরতির আগে পঞ্চাশের কাছে রয়েছে তৃতীয় উইকেট জুটি।
ভারতের বিপক্ষে কানপুর টেস্টের প্রথম দিনের লাঞ্চ ব্রেকে যাওয়ার আগে বাংলাদেশ তুলেছে ২ উইকেট হারিয়ে ৭৪ রান। খেলা হয়েছে ২৬ ওভার। বিরতির পর কানপুরে শুরু হয়েছে বৃষ্টি। ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে মধ্য মাঠ।
৪৮ বলে ২৮ রানে অপরাজিত আছেন অধিনায়ক শান্ত। সমান বল খেলে মুমিনুল অপরাজিত ১৭ রানে।
৪০ মিনিট ক্রিজে কাটিয়েও রানের দেখা পাননি জাকির হাসান। ভারত সফরে টেস্ট সিরিজে ব্যর্থতার বৃত্তেই বন্দি থাকলেন বাঁহাতি ওপেনার।
আরেক প্রান্তে সাদমান ইসলাম দারুণভাবে লড়ে গেলেও জাকির রানের জন্য সংগ্রাম করছিলেন।
ইনিংসের নবম ওভারে আকাশ দীপের শিকার হন জাকির। অফস্টাম্পের বাইরের ডেলিভারিতে গালি অঞ্চলে ক্যাচ দেন। ২৪ রান করে আকাশের দ্বিতীয় শিকার হন সাদমান ইসলাম।
মাঠ ভেজা থাকায় খেলা শুরু হতে কিছুটা দেরি হয়। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা টস জিতে বোলিং বেছে নেন।








