চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুগ্ধর ‘লোহার জুতো’ ভাঙার গল্প

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৭:১৯ অপরাহ্ন ২১, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: রংপুরের মিঠাপুকুর উপজেলার শীতলগাড়ি গ্রামের মেয়ে মমতাজ বেগম বিথী। তার প্রথম সন্তান ৭ দিনের মাথায় মারা যাওয়ায় চাননি আর মা হতে। যদিও দুই বছর পর, ২০০০ সালের ৩০জুন দ্বিতীয় সন্তান জন্ম দেন। নবজাতক শিশুটিকে লাইফ সাপোর্টে রাখতে হয় ৪০ দিন। সন্তানের বয়স তিনে পৌঁছাতেই দুই পা বাঁকা হয়ে মুড়িয়ে যেতে শুরু করে। ডাক্তার পরিয়ে দেন লোহার জুতো। জানিয়ে দেন শুধু হাঁটা যাবে, দৌড়াতে গেলে বরণ করতে হতে পারে পঙ্গুত্ব। যার পৃথিবীতে আসাই ছিল ঝঞ্ঝাবিক্ষুব্ধতায় ভরা, খেলতে ছিল মানা, সেই ছেলেটিই আজ প্রবল সম্ভাবনাময় ক্রিকেটার, গতিময় পেস বোলার মুকিদুল ইমলাম মুগ্ধ। ইনসেপ্টা রংপুর রেঞ্জার্সের হয়ে বিপিএলে ১৯ বছরের এ তরুণ পেস-স্লোয়ারে ছড়িয়ে চলেছেন মুগ্ধতা।

দুই হাঁটুতে সাতটি অস্ত্রোপচার নিয়েও মাঠে লড়ে যাওয়া মাশরাফী বিন মোর্ত্তজা এক বিস্ময়ের নাম। খেলোয়াড়ি জীবনের মাঝপথে বারবার তাকে বাধার মুখে ফেলেছিল চোট। মুগ্ধ বাধায় পড়েন ক্রিকেট খেলা বোঝার আগেই!

দুই বছর ভার বহনের পর খোলা হয় লোহার জুতো। সুস্থ হয়ে ওঠেন মুগ্ধ। ফুটবলার বাবা জাহিদুল ইসলাম চাননি কোনোরকম ঝুঁকি নিতে। খেলাধুলা থেকে দূরেই সরিয়ে রাখেন একমাত্র ছেলেকে। ক্লাস ফাইভে ওঠার পর মুগ্ধ মজার ছলেই ক্রিকেট খেলতে শুরু করেন। এজন্য বাবার হাতে মার খেতে হয়েছে অনেকবার! ক্রিকেটের প্রতি ঝোঁক তাতে কমেনি, বেড়েছে বরং দিন দিন।

মুগ্ধ তখন ক্লাস নাইনের ছাত্র। টেপ টেনিস বলের খেলায় হাত পাকিয়ে ফেলেছেন। একদিন খবর পান রংপুর জেলা স্টেডিয়ামে হবে বিকেএসপিতে ভর্তির ট্রায়াল। আগ্রহ জাগে নিজেকে বাজিয়ে দেখার। প্রতিবেশী, আত্মীয় স্বজনের অনুরোধে বাবার মন গলে, ট্রায়ালের দিন মুগ্ধকে স্টেডিয়ামে নিয়ে যান জাহিদুল ইসলাম। প্রাথমিক ট্রায়াল, ক্যাম্পে টিকে যাওয়ার পর মুগ্ধ ভর্তি হন সাভার বিকেএসপিতে। বয়সভিত্তিক সব ধাপ পেরিয়ে ১৯ বছরের এ তরুণ বিপিএল খেলছেন ইনসেপ্টা রংপুর রেঞ্জার্সের হয়ে। গতি ও স্লোয়ারে ছড়িয়েছেন মুগ্ধতা, শুরু হয়েছে বড় স্বপ্নের পথে যাত্রা।

সেই ডাক্তারও অবাক
‘পুরোটা আল্লাহর রহমত হিসেবেই দেখি। আমার আম্মু ভাবতেও পারেনি এমনটা হবে। আশপাশের সবাই অবাক। যে ছেলে হাঁটতেও পারত না, সে এ পর্যন্ত চলে আসছে! আত্মীয়-স্বজন যারা আছে সবাই খুব বিস্মিত হয়েছে। তারা বলে, ‘‘আমরা তো ভেবেছিলাম কোনোদিন তুমি খেলতেই পারবে না।’’ রোগটার নাম জানি না। পরে একদিন ওই ডাক্তারের কাছে গিয়েছিলাম দেখা করতে। উনি আমাকে দেখে চিনতে পারেনি। পরে আম্মু তাকে জানায় মুগ্ধ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে খেলে। ডাক্তার শুনে অবাক হয়েছে।’

বাবার ব্যাংক লোনের টাকায় ক্রিকেটার হওয়ার শপথ
মুগ্ধর বাবা জাহিদুল ইসলাম ধান-পাটের ব্যবসা করেন। পাশাপাশি ফুটবলের রেফারি তিনি। ছেলেকে ক্রিকেটার হিসেবে দেখতে কিছুটা বিনিয়োগ করতে হবে সেটি জানাই ছিল। কিন্তু আর্থিক অস্বচ্ছলতার কারণে প্রায়ই ছেলের চাহিদা মেটাতে হিমশিম খেতে হতো। পরিচিত জনের কাছে ধার করেও চালাতে হয়েছে খরচ। একসময় ব্যাংক থেকে লোন করে মুগ্ধর খরচ, ক্রিকেট সরঞ্জাম যোগান দিতে থাকেন। চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের বলরুমের সোফায় বসে এসব কথা বলতে বলতে আবেগপ্রবণ হয়ে পড়েন সবসময় মুখে হাসি ধরে রাখা মুগ্ধ।

‘আব্বু আর্থিকভাবে সাপোর্ট দিয়ে গেছে। হয়ত কারও কাছ নিয়ে, কিছু ব্যাংক লোনও আছে, জানি না সেটা কী পরিমাণ। আব্বু বলেছে লোন নেয়া আছে, ভালো করে খেল যেন একসময় পরিশোধ করতে পারি।’

Reneta

‘আমার কিছু দরকার হলে তিনি কখনো না করতেন না। বলতেন পরে নাও। চেষ্টা করতেন। আসলে খেলাটা বেছে নিয়েছি এজন্য মনে হয়নি অন্যকিছু করে পরিবারকে সাহায্য করি। ভেতরে কাজ করেছে খেলাধুলা করতে হবে, পড়াশোনাও করতে হবে। কারণ ক্রিকেট তো খুব বেশিদিন খেলতে পারব না। এজন্য পড়ালেখাতেও খেয়াল দিতে হয়েছে।’

‘হাসিখুশি থাকি সবসময় কেননা মানুষের অনেক সমস্যা থাকে। অনেক কষ্ট থাকে। আমি তা মানুষকে বুঝতে দিতে চাই না। সবসময় খুশি থাকার চেষ্টা করি। সাধারণ একটা পরিবার থেকে উঠে এসেছি। পরিবারকে সাপোর্ট করা, অনেককিছুই ভাবতে হয়। পরিবারে ছেলে তো আমি একাই। ছোট একটা বোন আছে। মা সুস্থ কমই থাকে। তার হার্টে সমস্যা। বোন সিজারে হওয়ার সময় অনেক রক্ত দিতে হয়েছে মাকে বাঁচাতে।’

মুগ্ধ হতে পারতেন বাস্কেটবল খেলোয়াড়
জেলা পর্যায়ে বিকেএসপি’র ট্রায়াল শুরুর আগে মুগ্ধ খেলতেন টেপ টেনিস বলে। করতেন ব্যাটিং আর অফস্পিন। কিন্তু ট্রায়ালে উত্তীর্ণ হন পেসার হিসেবে! রংপুর জেলা স্টেডিয়ামে ট্রায়াল ঘিরে তার হয়েছে আরও বিচিত্র অভিজ্ঞতা। ক্লাস নাইনে পড়া অবস্থায় উচ্চতা ছিল ৫ ফুট ৭ ইঞ্চি (বর্তমানে ৬.১”)। এটি দেখে বাস্কেটবল কোচ এসে ট্রায়ালে ডাকেন। কিন্তু ওই খেলাটা সম্পর্কে ধারণা না থাকায় আগ্রহ দেখাননি। ক্রিকেটের নেটে দুই কদম দৌড়ে বল ছুঁড়তেই কোচ বুঝে যান এ ছেলে সম্ভাবনাময়।

‘তখন ব্যাটিং করতাম আর অফস্পিন করতাম। গ্রামের মাঠে টেপ টেনিসে জায়গায় দাঁড়িয়ে বল করতাম। আব্বু না করেছিল প্রথমে। পায়ে সমস্যা, ডাক্তারও নিষেধ করেছে খেলতে। সবাই অনুরোধ করার পর আমাকে ট্রায়ালে নিয়ে গেছে। প্রথম ব্যাটিং করলাম। সেখানে রুশো স্যার ছিল (বিকেএসপির কোচ আখিনুর জামান)। ক্যাচ দিল ধরলাম। পরে বোলিং করতে বলেছে। আমি দুই স্টেপ রানআপ নিয়ে জোরের উপর করলাম। ব্যাটসম্যান এজ হয়েছিল। কোচ বলেছে, যাও ঠিক আছে। আমি লম্বা ছিলাম তাই বাস্কেটবল কোচ এসে আমাকে বাস্কেটবলে ট্রাই করতে বলেছিল। বলেছি এটা আমার পছন্দ না, জানিও না কীভাবে খেলতে হয়। পরে ক্রিকেটে দিলাম। এক মাসের ক্যাম্পে সুযোগ হল, আরও দুই মাস ক্যাম্প করে বিকেএসপিতে অষ্টম শ্রেণিতে ভর্তি হই।

ক্রিকেট বলের সঙ্গে প্রথম সাক্ষাৎ
জেলা মাঠে ট্রায়াল হয়েছিল হকি খেলার বল দিয়ে। এক মাসের ক্যাম্পে যোগ দিয়ে প্রথম ক্রিকেট বল দেখেন মুগ্ধ, ‘ক্রিকেট বল প্রথম দেখেছি, ধরেছি ক্যাম্পে এসেই। ট্রায়ালের নেটে বল করিয়েছে হকি বল দিয়ে। তখন তো বুঝতাম না এতটা। আমি একদম গ্রাম থেকে আসা একটা ছেলে অতটা জানতামও না। পরে আস্তে আস্তে এক মাস, দুই মাস ক্যাম্প করলাম। তখন ব্যাটিং করতাম, ব্যাটিং ভালো ছিল। বিকেএসপিতে ৪০ ওভারের একটা ম্যাচে ১৫ বলে ৪৬ করেছিলাম।’

‘রুশো স্যার বলেছে ব্যাটিং মাঝেমাঝে, বোলিংয়ের দিকে বেশি জোর দাও। তখন গতি ছিল। লাইন-লেন্থ হয়ত খারাপ ছিল, কিন্তু গতিটা ছিল। উনি হয়ত সেটা বুঝেছেন। তারপর ওনার কাছ থেকেই শেখা পেস বোলিংটা। অনূর্ধ্ব-১৪ থেকে অনূর্ধ্ব-১৯, এ পর্যন্ত খেললাম ৪ বছরের মধ্যে। ইনজুরির কারণে যুব বিশ্বকাপ খেলতে নিউজিল্যান্ড যেতে পারিনি। খেলার বাইরে ছিলাম একটা বছর। এ বছর প্রিমিয়ার লিগ, জাতীয় লিগের পর এখন বিপিএল খেলছি।’

কোচের উপহারে কঠিন ক্যাচ ধরার ‘লোভ’
পেস বোলাররা সাধারণত ফিল্ডিংয়ে খুব বেশি দক্ষ হন না। কথিত আছে ক্যারিয়ার দীর্ঘ করতে কিছুটা গাঁ বাঁচিয়েই খেলতে হয় তাদের। কিন্তু মুগ্ধ ব্যতিক্রম। বোলিং-ব্যাটিংয়ের চেয়ে ভালো ফিল্ডিং করেই বেশি পুরস্কার জিতেছেন যুব দলে এসে। বিপিএলে নিজের অভিষেক ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের ওপেনার সৌম্য সরকারকে সাজঘরে পাঠান লংঅনে দুর্দান্ত এক ক্যাচ নিয়েই। ফিল্ডিং, ক্যাচিংয়ে দক্ষ হয়ে ওঠার পেছনে কোচেরই পুরো অবদান।

‘অনূর্ধ্ব-১৯ দলে আমাদের অনেক ফিল্ডিং অনুশীলন করা হয়েছে। মোর্ত্তজা স্যার ড্রিল করাতেন অনেকক্ষণ ধরে। তিনি উৎসাহ দেয়ার জন্য নিজের টাকা থেকে ৫০, ১০০ করে দিতেন আমাদের। আমার টার্গেট থাকত ফিল্ডিংয়ে ভালো করব আর তার কাছ থেকে টাকা নেব। সাত-আটবার পেয়েছিলাম ৫০, ১০০ টাকার নোট। আম্মুর কাছে জমা রেখেছি আলাদা করে। ম্যাচে ভালো ক্যাচ, ফ্লাই করে ক্যাচ ধরলে বা ছয় সেভ করে উপহারগুলো পেয়েছি।’

‘এসবে (ফিল্ডিংয়ে ঝুঁকি) আমার খেয়াল থাকে না। খেলাটাকে সিরিয়াসলি নেই। ফিল্ডিং করব ফিল্ডিংয়ের মতো, বোলিং করব বোলিংয়ের মতো, যদি ব্যাটিং করি ব্যাটিংয়ের মতো। মাঠে কী হবে ওটা আমার মধ্যে নেই। ইনজুরিতে পড়লে পড়ব। আমার কথা হল, যদি দুই বছর খেলি বাঘের মতো খেলব। খেলব খেলার মতো, যাতে কেউ বলতে না পারে এই খেলোয়াড়টা খারাপ।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯রংপুর রেঞ্জার্সলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ দিয়ে আন্তর্জাতিক ম্যাচ গড়াবে রাজশাহীতে

মার্চ ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নেতানিয়াহু’র সর্বশেষ ভিডিও উন্নতমানের ‘ডিপফেইক’!

মার্চ ১৬, ২০২৬

সব বয়সীরা দেখতে পারবেন ২ ঘণ্টা সাড়ে ৮ মিনিটের ‘দম’!

মার্চ ১৬, ২০২৬

দিলজিতের এক সংগীত সফরেই আয় ৯৪৩ কোটি টাকা!

মার্চ ১৬, ২০২৬

নারীদের গৃহস্থালি কাজের কোনো আর্থিক মূল্যায়ন করা হয় না: সিইসি

মার্চ ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT