রোহিঙ্গাদের উপর গণহত্যার জন্য মিয়ানমারকে সম্পূর্ণভাবে দায়ী করে তাদেরকে নাগরিকত্ব এবং নিরাপত্তা দিয়ে ফিরিয়ে নিতে বাংলাদেশে সফররত মিয়ানমারের মন্ত্রীকে কঠোর প্রস্তাব দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।
সোমবার সকালে রিপোর্টার্স ইউনিটিতে বিএনপি সুইডেন শাখার আয়োজনে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে আন্তর্জাতিক পর্যবেক্ষণ মিশনের গুরুত্ব শীর্ষক আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে দলটির মুখপাত্র ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই আহ্বান জানান।
রিজভী বলেন: আন্তর্জাতিক আদালত, জাতিসংঘসহ বিশ্বের কাউকে তোয়াক্কা করছে না মিয়ানমার। এতদিন পর অংসান সু চির মন্ত্রী টিন্ট সোয়ে বাংলাদেশে এসেছেন। কী আলোচনা হয় আমরা জানি না। সরকার সবকিছু ভুলে মিয়ানমারের কাছে আবার আতপ চাল চেয়ে বসে কি না সেই আশঙ্কাও রয়েছে।
আলোচনা সভায় এছাড়াও বক্তব্য রাখেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।










